লালবাগ কেল্লার দেয়াল ভেঙে গাড়ি রাখার স্থান
২৪ ঘণ্টার মধ্যে নির্মাণকাজ বন্ধের নির্দেশ হাইকোর্টের
মোগল স্থাপত্যের নিদর্শন রাজধানীর লালবাগ কেল্লার দেয়াল ভেঙে গাড়ি রাখার স্থান তৈরির কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক, লালবাগ কেল্লার কিউরেটর ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। আগামী ৫ জুলাইয়ের মধ্যে আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) গতকাল আদালতে এ আবেদনটি করে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, আদেশের পাশাপাশি আদালত রুল দেন। পুরাকীর্তি সংরক্ষণ আইনের ১২ (৩) ধারা ও সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুসারে লালবাগ কেল্লা ও স্থাপনা সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা আদালত জানতে চেয়েছেন। একই সঙ্গে আদালত আরও জানতে চেয়েছেন, লালবাগ কেল্লার দেয়ালের যে অংশ ভেঙে ফেলা হয়েছে, তা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সংবিধানের ২৪ অনুচ্ছেদে বলা আছে, ‘বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমণ্ডিত স্মৃতিনিদর্শন, বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবেন।’
২৬ জুন প্রথম আলোর নবম পৃষ্ঠায় ‘লালবাগ কেল্লার দেয়াল ভেঙে গাড়ি রাখার স্থান’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।