২৪ ঘণ্টার মধ্যে মোনায়েম খানের নাম অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় নির্দেশ দেওয়ার এক সপ্তাহ পরও নাটোরের উত্তরা গণভবন থেকে স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের নামফলক অপসারণ করা হয়নি। ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে নামফলক অপসারণ করার দাবিতে গতকাল সোমবার সকালে মানববন্ধন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠন।

জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, নাটোরের উত্তরা গণভবন থেকে মোনায়েম খানের নাম অপসারণের জন্য গত ২৯ জুন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়। এই চিঠির আলোকেই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া বেগম স্বাক্ষরিত একটি চিঠি ৫ জুলাই নাটোরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমানের হাতে এসে পৌঁছায়। চিঠিতে উত্তরা গণভবন থেকে স্বাধীনতাবিরোধীর নাম অপসারণ করতে নাটোর জেলা প্রশাসনের সহায়তা নিতে বলা হয়।

এরপর থেকেই নড়েচড়ে বসে নাটোরের গণপূর্ত বিভাগ। গত রোববার বেলা সাড়ে তিনটায় নামফলক অপসারণের সময় নির্ধারণ করা হয়। কিন্তু রোববার সকালে হঠাৎ করেই স্থগিত ঘোষণা করা হয় নামফলক অপসারণের কার্যক্রম। এরপর থেকেই শুরু হয় নানান জল্পনা-কল্পনা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নাটোর-২ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলাম ঢাকায় অবস্থান করার কারণে ফলক অপসারণের কার্যক্রম পেছানো হয়েছে। তিনি নাটোরে এসে ফলকটি অপসারণ করবেন।

কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা প্রশাসনের এই যুক্তির সঙ্গে একমত হতে পারেননি। তাঁদের দাবি, মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মোনায়েম খানের নামফলক অপসারণ করতে হবে।