২৪ ঘণ্টায় গ্রাম-বাজার নিশ্চিহ্ন
পদ্মা নদীর প্রবল স্রোতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের চারটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। মাঝিরহাট বাজার ও একটি গ্রাম পুরো বিলীন হয়ে গেছে। স্রোতের তোড়ে মঙ্গল মাঝি ঘাটের ফেরি ও লঞ্চের দুটি পন্টুন ভেসে গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত পদ্মার ভাঙনে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ওছিম উদ্দিন মাদবর কান্দি, মোহর আলী মাদবর কান্দি, আহাম্মদ মাঝি কান্দি ও ওকাল উদ্দিন মুন্সি কান্দি গ্রামের পাঁচ শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। এই গ্রামগুলোর ৬০০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। মাঝিরহাট বাজারটি নিশ্চিহ্ন হয়ে গেছে। বাজারের দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙনের কবলে পড়েছে। ঢাকা-শরীয়তপুর রুটের মঙ্গল মাঝি ঘাটের সব সংযোগ সড়ক ও ৫০০ মিটার পাকা সড়ক নদীগর্ভে চলে গেছে। ফেরি ও লঞ্চ টার্মিনাল স্রোতের তোড়ে ভেসে গেছে। তবে বিআইডব্লিউটিএ টার্মিনালের পন্টুন দুটি উদ্ধার করে মাওয়া ঘাটে সরিয়ে নিয়েছে।ওকাল উদ্দিন মুন্সি কান্দি গ্রামের তোতা মিয়া (৫০) বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেছি। বসতবাড়ি, ফসলি জমি সব পদ্মার গর্ভে চলে গেছে। এখন কোথায় আশ্রয় নেব জানি না। শনিবার থেকে আল্লাহর দরবারে শুধুই কান্নাকাটি করছি। চোখের পানি পদ্মার পানির সাথে মিশে গেছে।’ ওছিম উদ্দিন মাদবর কান্দি গ্রামের রাজু মাদবর (৩৫) বলেন, ‘আমাদের পুরো গ্রামটি এখন নদীর পেটে। এ গ্রামের ৩৫০টি পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে। শনিবার গ্রামের হাজি শরীয়তুল্লাহ নুরানী মাদ্রাসাটি বিলীন হয়ে গেছে। এমন ভাঙনের চিত্র আমি কখনো দেখিনি।’আহাম্মদ মাঝি কান্দি গ্রামের আবদুল মান্নান (৪৫) বলেন, ‘আমাদের দাঁড়াবার আর কোনো জায়গা রইল না। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত আমাদের কোনো খোঁজখবর নেয়নি।’মাঝিরহাট বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, ‘আমাদের পুরো বাজারটি ২৪ ঘণ্টায় নদীগর্ভে চলে গেছে।’শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ‘বরাদ্দ না থাকায় আমরা ভাঙন রোধে কোনো পদক্ষেপ নিতে পারছি না। তবে ঢাকা-শরীয়তপুর রুটের লঞ্চ ও ফেরির পন্টুন চালু করার জন্য সড়ক ও জনপথ এবং বিআইডব্লিউটিএ থেকে অর্থ সহায়তা দিলে আমরা কাজ করতে পারব।’শরীয়তপুরের জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন বলেন, ‘ভাঙনকবলিত এলাকার খোঁজখবর রাখার জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ১৭০টি পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমানোর জন্য মঙ্গল মাঝি ঘাটে প্রশাসনের লোক স্থানীয় লোকজনের সঙ্গে কাজ করবে।’