২৪ ঘণ্টায় বিদ্যুৎ মেলে ১০ ঘণ্টা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক সপ্তাহ ধরে প্রতিদিন ১৪ ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং চলছে। এর মধ্যে কেরোয়া, চরপাতাসহ কয়েকটি ইউনিয়নের অবস্থা ভয়াবহ। এসব ইউনিয়নে দৈনিক ১৬ ঘণ্টার মতো লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের এ পরিস্থিতিতে এক সপ্তাহ ধরে অতিষ্ঠ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাবাসী।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, রায়পুর উপজেলায় প্রায় ৪৫ হাজার গ্রাহক আছেন। এ জন্য ১৪-১৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু বিদ্যুৎ উপকেন্দ্রের ধারণ ক্ষমতা কম থাকায় ১০ মেগাওয়াটের বেশি নেওয়াযাচ্ছে না।
২০১৪ সালের ৯ অক্টোবর রায়পুরে বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ লোকজন পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সাতটি গাড়িতে আগুন দিয়েছিলেন। আগুনে কার্যালয়ের একটি পিকআপ ও ছয়টি মোটরসাইকেল পুড়ে যায়। কয়েক লাখ টাকার বৈদ্যুতিক মালামালও ভস্মীভূত হয়। ক্ষুব্ধ লোকজন লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে গাছের গুঁড়ি, ইট ফেলে ও টায়ার জ্বালিয়ে টানা সাত-আট ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন। পরিস্থিতি নাজুক হয়ে পড়লে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম ও কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান কামাল বলেন, এ দুই ইউনিয়নে দৈনিক প্রায় ১৬ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। আর বিদ্যুৎ মিলছে ৮ ঘণ্টার মতো। বিদ্যুতের এ অবস্থার কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। এ অবস্থা চলতে থাকলে আগের মতো গ্রাহকেরা রাস্তায় আন্দোলনে নেমে পড়তে পারেন।
পৌর শহরে অবস্থিত বেসরকারি ব্যাংকের দুজন ব্যবস্থাপক জানান, ব্যাংক ৮ ঘণ্টা খোলা থাকে। এর মধ্যে প্রতিদিন বিদ্যুৎ না থাকার কারণে ব্যাংকে ৪-৫ ঘণ্টা জেনারেটর চালাতে হয়। জেনারেটরের তেল বাবদ মাসে লক্ষাধিক টাকা ব্যায় হচ্ছে।
পৌর শহরের ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, অস্বাভাবিক লোডশেডিংয়ে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। এ জন্য তাঁদের জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে ব্যয় অনেক বেড়ে গেছে।
রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সুদাস চন্দ্র রক্ষিত বলেন, পানপাড়া ও রায়পুর উপকেন্দ্রের মাধ্যমে রায়পুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। রায়পুরে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে। কিন্তু এ উপকেন্দ্র দুটিতে ধারণ ক্ষমতা ১০ মেগাওয়াট। তাই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। আগামী কয়েক মাসের মধ্যে উপকেন্দ্রের ধারণ ক্ষমতা বাড়ানো হবে। তখন সমস্যা কমে যাবে।