২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, বেড়েছে করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩১২ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। তবে আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যা বেড়েছে।

গতকাল শনিবার ৯ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৩০৬ জনের।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৯১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ৪৫৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। গতকাল ২ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।