২৪ ঘণ্টায় সিদ্ধান্ত বদল, খুলল সব যোগাযোগের মাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নতুন করে তিনটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই সিদ্ধান্ত পরিবর্তন করে বন্ধ থাকা সব মাধ্যম খুলে দিল সরকার। ফলে ২৬ দিন বন্ধ থাকার পর সবগুলো যোগাযোগমাধ্যম খুলে দেওয়া হলো।
সামাজিক যোগাযোগের এসব মাধ্যম খুলে দেওয়ায় জনমনে স্বস্তি ফিরলেও এসব মাধ্যম খোলা থাকবে কি না, তা নিয়ে সরকারের সিদ্ধান্তহীনতায় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা ক্ষোভ প্রকাশ করেছেন।
নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৮ নভেম্বর ফেসবুকসহ মোট সাতটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার নির্দেশ দেয় সরকার। এর ২২ দিন পর ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেওয়া হলেও বাকি ছয়টি মাধ্যম আগের মতোই বন্ধ থাকে। এর সঙ্গে গত রোববার রাতে স্কাইপ, ইমো, টুইটার বন্ধ করার নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সরকারের নির্দেশে নতুন করে এসব মাধ্যম বন্ধ করা হয়েছে বলে বিটিআরসি জানালেও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এমন নির্দেশনার বিষয়টি অস্বীকার করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এমন কোনো নির্দেশনা বিটিআরসিকে দেওয়া হয়নি বলে জানানো হয়।
বিটিআরসি থেকে গতকাল সোমবার পাঠানো বার্তায় দেশের সব মোবাইল অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) বলা হয়, আগের দেওয়া নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকা ভাইবার, হোয়াটসঅ্যাপ, লাইন, ট্যাঙ্গো, হ্যাংআউট, স্কাইপ, ইমো ও টুইটার খুলে দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।
সামাজিক মাধ্যমগুলো খুলে দেওয়া হবে কি না এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিনভর ব্যস্ত সময় পার করে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নতুন করে কোনো যোগাযোগ মাধ্যম বন্ধ করার নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। বন্ধ থাকা মাধ্যমগুলো বরং পর্যায়ক্রমে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ সেলও (এনটিএমসি) নতুন করে কোনো মাধ্যম বন্ধের নির্দেশ দেয়নি বলে জানান তিনি।
অথচ গত রোববারের পাঠানো বার্তায় বলা হয়েছিল, ভাইবার ও অন্যান্য যোগাযোগমাধ্যমের পাশাপাশি স্কাইপ, ইমো ও টুইটার আপনার নেটওয়ার্ক থেকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
এমন নির্দেশনার পরও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, নতুন করে কোনো মাধ্যম বন্ধের নির্দেশনা দেওয়া হয়নি। আগে থেকেই বন্ধ থাকা কিছু কিছু মাধ্যমে লিক হচ্ছিল, সেটা সম্পূর্ণভাবে বন্ধে আগের নির্দেশনাটিই আবার দেওয়া হয়েছে।
বিটিআরসির চেয়ারম্যান শাহাজাহান মাহমুদ প্রথম আলোকে গতকাল বলেন, সরকার বন্ধ থাকা সব যোগাযোগমাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ বা খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিটিআরসি।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, ‘স্কাইপ দিয়ে ব্যবসায়ীরা বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন, এটার সঙ্গে দেশের আমদানি-রপ্তানির বিষয়টি জড়িত। হঠাৎ বন্ধ করে দেওয়া টেলিফোন সংযোগ বন্ধ করে দেওয়ার মতো একটি বিষয়। স্কাইপের মতো যোগাযোগমাধ্যম বন্ধে অর্থনৈতিক ও ব্যবসায়িক ক্ষতি বিবেচনায় না নিয়ে এটা বন্ধ করার সিদ্ধান্ত ঠিক হয়নি।’
তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার সিনিয়র পলিসি ফেলো আবু সাঈদ খান বলেন, এভাবে যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেওয়া সরকারের ডিজিটাল বিচ্ছিন্নতার প্রকাশ। এতে প্রমাণিত হয় যে সরকার মুঠোফোন যতটা ব্যবহার করে, ইন্টারনেট তার চেয়ে কম ব্যবহার করে, আর সামাজিক যোগাযোগমাধ্যম আরও কম ব্যবহার করে।