২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১০ ডেঙ্গু রোগী
করোনা মহামারির মধ্যে দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২১০ জন ডেঙ্গু রোগী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকাতেই রোগীর সংখ্যা ১৮১। আর ঢাকার বাইরে ২৯ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোয় সব মিলিয়ে ৯৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৬৩। দেশের অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয় ভর্তি আছেন আরও ৬৮ জন ডেঙ্গু রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার হাজার ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিন হাজার ৮০৮ জন।
এদিকে দেশে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। তবে এসব মৃত্যুর প্রকৃত কারণ পর্যালোচনা করছে প্রতিষ্ঠানটি। পর্যালোচনা শেষে জানা যাবে, তাঁরা আসলেই ডেঙ্গুতে মারা গেছেন কিনা।