চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ছড়িয়ে পড়া ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় শুধু চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৮০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। প্রতিনিয়ত রোগী আসতেই আছে। তবে হাসপাতালে এখন পর্যন্ত কেউ মারা যাননি।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্র জানায়, মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত সদর হাসপাতালেই ৮০ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। মাত্র ১০ বেডের ডায়রিয়া ওয়ার্ড ছাড়িয়ে বারান্দায় এবং করিডোরে জায়গা হয়েছে রোগীদের। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। গত এক সপ্তাহে ২৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন আলাউদ্দীন বলেন, পৌরসভার সরবরাহ করা পানি থেকেই এই ডায়রিয়া ছড়াচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে পৌরসভার সরবরাহ করা পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ডায়রিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকা থেকে একটি মেডিকেল টিমও আসতে পারে। তিনি জানান, অতিরিক্ত রোগীর সেবা নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ হিসেবে ২ হাজার ২০০ আইভি স্যালাইন পাওয়া গেছে। এদিকে তথ্য অফিস ডায়রিয়া সতর্কীকরণ বিজ্ঞপ্তি মাইকিং করেছে। এতেও সবাইকে পানি ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।