
রাজধানীতে গত বুধবারের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা থেকে এখনো মুক্তি পায়নি নগরবাসী। ২৪ ঘণ্টায়ও বেশ কিছু এলাকার পানি সরেনি। এসব এলাকার বাসিন্দাদের শঙ্কা, এই জলাবদ্ধতা আরও কয়েক দিন থাকবে। যদিও সংশ্লিষ্ট মন্ত্রীরা বলছেন, পানি তিন ঘণ্টার মধ্যে নেমে গেছে।
আগের তিন দিনের মতো গতকাল বৃহস্পতিবার সারা দিন ঢাকায় বৃষ্টি ছিল না। গতকাল নগরীর নাজিমউদ্দিন রোড, তেজকুনিপাড়া, নাখালপাড়া, জুরাইন, মাতুয়াইল, খিলগাঁও, বাসাবো ও যাত্রাবাড়ীর কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, ২৪ ঘণ্টা পেরোলেও এসব এলাকা থেকে গত বুধবারের বৃষ্টিতে জমা পানি সরেনি। আর সামান্য বৃষ্টিতেই কয়েক দিন জলাবদ্ধ থাকা ডিএনডি বাঁধের ভেতরের এলাকাগুলোতে গতকাল ছিল বন্যা পরিস্থিতি।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, গত বুধবার সৃষ্ট জলাবদ্ধতার পানি তিন ঘণ্টার মধ্যে নেমে যাওয়ায় বোঝা যায়, ঢাকার ড্রেনেজ ব্যবস্থা সচল রয়েছে।
একই সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগে কখনো এত বৃষ্টি হয়নি বলে ঢাকার পানি নিঃসরণের জন্য দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। এখন পরিস্থিতি বিবেচনায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, আগামী বছর থেকে রাজধানীতে আর জলাবদ্ধতা থাকবে না—এ কথা তিনি না বুঝে বলেননি। তিনি একজন প্রকৌশলী। তিনি এই সমস্যার সমাধান জানেন, বোঝেন। এ নিয়ে পরিকল্পনা কমিশনে একটি প্রস্তাবনা আছে। সেটি পাস হয়ে গেলেই কাজ শুরু হবে।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড ও জুরাইনের হাজি খোরশেদ আলী সরকার রোডে গতকালও ছিল কোমরপানি। খোরশেদ আলী রোডে অবস্থিত জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চবিদ্যালয়। স্কুলের সামনে পানি জমে থাকায় গতকাল স্কুলে কোনো ক্লাস হয়নি। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই জুরাইনের ওয়াসা রোড, হাজি খোরশেদ আলী রোডে পানি জমে যায়। এই পানি পাঁচ-সাত দিনেও সরে না। আর মিষ্টির দোকান ও আশপাশের এলাকায় রয়েছে স্থায়ী জলাবদ্ধতা।
ডিএনডি বাঁধের ভেতরের এলাকায় প্রায় সারা বছরই জলাবদ্ধতা থাকে। গত তিন দিনের বৃষ্টিতে তা ভয়াবহ রূপ নিয়েছে। গতকাল ডিএনডি বাঁধের ভেতরের মাতুয়াইল, যাত্রাবাড়ী মোড় থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত, সোনাপাড়া, মৃধাবাড়ী এলাকা ঘুরে দেখা যায়, বাড়িঘরের নিচতলায় হাঁটুপানি।
মৃধাবাড়ী এলাকার বাসিন্দা মো. শিপন বলেন, সারা বছর কমবেশি পানিতেই থাকতে হয়। এবার বৃষ্টি বেশি হওয়ায় বাঁধের ভেতরের এলাকা রীতিমতো পানিতে ডুবে আছে।
এসব এলাকার পানি না সরার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড ছাড়া ডিএসসিসির কোনো এলাকায় গতকাল জলাবদ্ধতা ছিল না। যাত্রাবাড়ী ও
ডিএনডি বাঁধের জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প হাতে নিয়েছে।

গতকাল সন্ধ্যা পর্যন্ত হাঁটুপানি জমে ছিল তেজকুনিপাড়া-নাখালপাড়া সড়কের আধা কিলোমিটারজুড়ে। সেই পানি ভেঙেই চলাচল করছে মানুষ। স্থানীয় লোকজন জানান, একবার পানি জমলে তা সরতে কখনো কখনো সপ্তাহ গড়িয়ে যায়। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না তাঁরা।
খিলগাঁও, সিপাহিবাগ, গোড়ান এলাকার বেশ কয়েকটি সড়কে আগের দিনের বৃষ্টির পানি জমে থাকতে দেখা যায়। বেলা তিনটায় সিপাহিবাগ এলাকার চারতলা গলিতে গিয়ে দেখা যায়, গলিতে তখনো হাঁটুপানি জমে আছে। এলাকাবাসী হাঁটুপানির মধ্যেই গলিতে চলাচল করছে। এই গলির বাসিন্দা তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুঃখের কথা কী আর কমু ভাই! বৃষ্টি শেষ কাইলকা। পানি এখনো যায় নাই। ময়লা পানিতে পারাইয়া আবার চামড়ায় কী রোগ হয় কে জানে।’
বনশ্রীর আবাসিক এলাকার ‘এ’ ব্লকের শুরুতে মূল সড়কেও পানি জমে থাকতে দেখা যায়। রাত-দিন ভারী যানবাহন চলাচল করায় আগে থেকেই সড়কটির অবস্থা বেশ খারাপ। বেহাল এই সড়কের বড় বড় গর্তে গতকালের বৃষ্টির পানি জমে ছিল। ফলে বাস, লেগুনা ও ভারী যানবাহনের চালকদের এই সড়ক পার হতে বেশ বেগ পেতে হচ্ছিল।
অবশ্য গতকাল কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান দাবি করেছেন, বুধবারের জলাবদ্ধতা নিরসনে ওয়াসার চারটি পাম্প ও পানি উন্নয়ন বোর্ডের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প সমন্বিতভাবে কাজ করেছে। তিনি বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনের একমাত্র দায় ঢাকা ওয়াসার, দক্ষিণ সিটি মেয়রের এই বক্তব্য স্ববিরোধী। পরস্পরকে দোষারোপ না করে ঢাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানে সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করা উচিত।
গতকাল মূল সড়কগুলোতে জলাবদ্ধতা না থাকলেও রাজধানীজুড়েই ব্যাপক যানজট ছিল। চলতি সপ্তাহের প্রায় পুরোটা জুড়েই নগরীতে যানজট, জলাবদ্ধতা তীব্রতর ছিল। এই পরিস্থিতিতে নগরীর অব্যবস্থাপনা, যানজট-জলাবদ্ধতা নিরসনে বাস্তবসম্মত পরিকল্পনা ও কর্মসূচি না থাকায় গণমাধ্যমে বেশ সমালোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে নগরবাসী তাঁদের ক্ষোভ ও দুর্ভোগের কথা বলেছেন। কিন্তু গতকাল এসব বিষয় নিয়ে সরকারের কোনো পর্যায়ে আনুষ্ঠানিক কোনো সভা, বৈঠক হয়নি।
মিরপুর ১০ নম্বর, মিরপুর ১ নম্বর, শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, শাহবাগ, পল্টন, মালিবাগ, মৌচাক, মোহাম্মদপুর, বিমানবন্দর সড়ক, বনানী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ—সর্বত্র যানজটের নিত্যদিনের চিত্র গতকালও ছিল।
গতকাল মিরপুর ১২ নম্বর থেকে বিকল্প পরিবহনের একটি বাসে উঠে ১০ নম্বর গোলচত্বরে আসতেই আধা ঘণ্টা লেগে যায় একটি বেসরকারি ব্যাংকের কর্মচারী আসাদুজ্জামানের। তিনি বলেন, দুর্ভোগ আর ঢাকাবাসীর পিছু ছাড়বে না। গতকাল ছিল পানি, আজ যানজট। আগামীকাল কী হবে কে জানে। ওই বাসের কয়েকজন যাত্রী বলেন, ঢাকায় যানজট এখন আর দিনক্ষণ হিসাব করে হয় না। শুক্র-শনিবারও ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়।