কুমিল্লার দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ২৪টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহযোগিতায় চান্দিনা দমকল বাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। আসাদনগর গ্রামের বাসিন্দা আবুল বাসার জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টায় ওই গ্রামের আবদুল মান্নান ভূঁইয়ার রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে মোস্তফা কামাল ও মোখলেছুর রহমানের তিনটি, মাজেদুল ইসলাম, আবুল কালাম আজাদ, জসিম মুহুরী, আরিফ মিয়া, শরীফ আহমেদ, মোস্তাফিজুর রহমান, কবির হোসেন, বারেক মিয়া, ময়নাল হোসেন ও হাফিজ উল্লাহর দুটি করে এবং মান্নান ভূঁইয়ার একটি ঘর পুড়ে যায়।