চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে ৪১ জন প্রার্থীর মধ্যে ২৪ জনই অক্ষরজ্ঞানসম্পন্ন। তাঁদের মধ্যে চারজন অষ্টম শ্রেণি, চারজন এসএসসি, একজন এইচএসসি, একজন আলিম, ছয়জন স্নাতক ও একজন ফাজিল পাস। উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন সাতকানিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত নারী আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তা ছাড়া চারজন কাউন্সিলর প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৩১ জন ব্যবসায়ী, পাঁচজন কৃষিকাজের সঙ্গে জড়িত, তিনজন বেসরকারি চাকরিজীবী ও দুজন গৃহিণী হিসেবে হলফনামার পেশার ঘরে নিজেদের পরিচয় দিয়েছেন।
হলফনামা থেকে জানা গেছে, ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এনামুল কবির ও মো. আবু ছালেহ অক্ষরজ্ঞানসম্পন্ন এবং মোহাম্মদ নওয়াব মিয়া স্নাতক পাস। ২ নম্বর ওয়ার্ডে মো. দিদার হোসেন, মোহাম্মদ আলী, মুহাম্মদ হোসাইন, মো. জিয়াউর রহমান ও মো. মুজিবুর রহমান অক্ষরজ্ঞানসম্পন্ন এবং মো. নুর হোসাইন এসএসসি পাস। ৩ নম্বর ওয়ার্ডে এ কে এম মোর্শেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) স্নাতক পাস। ৪ নম্বর ওয়ার্ডে আজিজুল হক অক্ষরজ্ঞানসম্পন্ন, মো. নুরুল হক ও মোস্তফা কামাল অষ্টম শ্রেণি, আবুল কালাম চৌধুরী এসএসসি এবং মো. শামসুল হক স্নাতক পাস। ৫ নম্বর ওয়ার্ডে হাফেজ আবদুল মালেক (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) ফাজিল পাস। ৬ নম্বর ওয়ার্ডে রাশেদুল ইসলাম অষ্টম শ্রেণি, মো. জাহাঙ্গীর আলম এসএসসি, মো. সাইফুল আলম ও নুরুল আবছার স্নাতক পাস। ৭ নম্বর ওয়ার্ডে নেচার উদ্দীন আহমদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ ও গোলাম মোস্তফা অক্ষরজ্ঞানসম্পন্ন। ৮ নম্বর ওয়ার্ডে আবু ইউসুফ, নুরুল আবছার, সৈয়দ হোসাইন, মো. সাইফুদ্দিন দুলাল ও মো. শাহজাহান চৌধুরী অক্ষরজ্ঞানসম্পন্ন এবং মোহাম্মদ হোসাইন অষ্টম শ্রেণি পাস। ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবদুল হালিম, মো. আইয়ুব বাচ্চু, মনিরুল ইসলাম ও আবদুস ছত্তার অক্ষরজ্ঞানসম্পন্ন, মো. মোজাম্মেল হক আলিম এবং মো. বেলাল উদ্দিন স্নাতক পাস।
১ নম্বর (ওয়ার্ড ১, ২ ও ৩) সংরক্ষিত ওয়ার্ডে রহিমা বেগম অক্ষরজ্ঞানসম্পন্ন, জন্নত আরা বেগম এসএসসি ও মাছুমা বেগম এইচএসসি পাস। ২ নম্বর ওয়ার্ডে (ওয়ার্ড ৪, ৫ ও ৬) হাসিনা আক্তার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) অক্ষরজ্ঞানসম্পন্ন। ৩ নম্বর ওয়ার্ডে (ওয়ার্ড ৭, ৮ ও ৯) শিকু আরা বেগম ও নিলুফা আক্তার অক্ষরজ্ঞানসম্পন্ন।
এ ব্যাপারে সাতকানিয়া নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ ইদ্রিচ মিয়া বলেন, নেতৃত্ব বা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া উচিত শিক্ষার মাপকাঠির ভিত্তিতে। তা হলে শিক্ষিত ব্যক্তিরা নির্বাচনে আসতে আগ্রহী হবেন। এর ফলে শিক্ষিত মানুষেরাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হামিদ হোসাইন বলেন, জনপ্রতিনিধিরা জনগণের জন্যই নির্বাচিত হন। কিন্তু অল্প শিক্ষিত বা অক্ষরজ্ঞানসম্পন্ন মানুষের আইনকানুন বুঝতে সমস্যা হয়।