২৪ জন পরিচালকের পদে প্রার্থী ৪০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২৪ জন পরিচালকের পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে ত্রুটির কারণে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।গতকাল বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এই চিত্র পাওয়া গেছে। আগামী ৬ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, টাউন ও ট্রেড গ্রুপ থেকে তিনটি করে ছয়টি পদের বিপরীতে ছয়জন মনোনয়ন জমা দিয়েছেন। এই দুটি গ্রুপে কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। এখন অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।জানা গেছে, এই দুই গ্রুপের মধ্যে অর্ডিনারি গ্রুপে ভোটার রয়েছেন তিন হাজার ৬৬৮ এবং অ্যাসোসিয়েট গ্রুপে ভোটার দুই হাজার ৭০৩ জন। নির্বাচিত ২৪ জন পরিচালক থেকে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি এবং একজন সহসভাপতি নির্বাচিত করা হবে।মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে বর্তমান সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম এবং সাবেক সভাপতি ও বন্দর পতেঙ্গা আসনের আওয়ামীদলীয় সাংসদ এম এ লতিফও রয়েছেন।