২৪ জনকে আবার সময় দিলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতা ২৪ জনকে তাঁদের অবস্থান স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য আবারও সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বারবার সময় চাওয়ায় ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করেছেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল বুধবার ওই ২৪ বিবৃতিদাতার পক্ষে সময়ের আর্জি জানান আইনজীবী আসাদ উদ্দিন ও এক বিবৃতিদাতা শিরিন হক। আসাদ উদ্দিন ছয় সপ্তাহ সময় চেয়ে বলেন, তাঁর জ্যেষ্ঠ আইনজীবী নিহাদ কবিরের ব্যক্তিগত সমস্যার জন্য সময় প্রয়োজন।
শিরিন হক তাঁর, শহিদুল আলম, জাফরুল্লাহ চৌধুরী, রেহনুমা আহমেদ ও আলী আহমেদ জিয়াউদ্দিনের পক্ষে সময় চেয়ে বলেন, তাঁরা নিজেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আখতার ইমামকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু উচ্চ আদালতে অবকাশ চলছে, তাই তিনি আসতে পারছেন না। এ জন্য তিনি অবকাশের পর শুনানির আর্জি জানান।
বারবার সময় চাওয়ায় অসন্তোষ প্রকাশ করে এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আপনাদের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নই। এখানে আর শুনানি করার সুযোগ নেই। একবার বলছেন, আপনারা নিজেরাই শুনানি করবেন, আরেকবার বলছেন আইনজীবীর মাধ্যমে করবেন। সুপ্রিম কোর্টে অবকাশ চলছে, কিন্তু আমরা তো কাজ করছি।’
পরে আইনজীবী আসাদ উদ্দিন বলেন, এরপর আর তিনি সময়ের আর্জি জানাবেন না। পরে ট্রাইব্যুনাল ১ এপ্রিল শুনানির দিন পুনর্নির্ধারণ করেন।
গতকাল ট্রাইব্যুনাল আরেকজন বিবৃতিদাতা দিনা এম সিদ্দিকীকে আদালত অবমাননার অভিযোগের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছেন। এর আগে ট্রাইব্যুনাল দুই দফায় ২৪ জন বিবৃতিদাতাকে অব্যাহতি দিয়েছিলেন। এ নিয়ে তিন দফায় ২৫ জন অব্যাহতি পেলেন।
আদালত অবমাননার দায়ে নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিবেদনের সম্পাদক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে দেশের ৫০ নাগরিক গত বছরের ১৮ ডিসেম্বর বিবৃতি দিয়েছিলেন। ওই বিবৃতির ওপর ভিত্তি করে ২০ ডিসেম্বর প্রথম আলোতে ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। পরে অবশ্য মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করেন। পরে ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল এক আদেশে ৪৯ বিবৃতিদাতার কাছে তাঁদের বিবৃতির বিষয়ে ব্যাখ্যা জানতে চান।