২৪ জানুয়ারি ইজতেমা শুরু প্রস্তুতি চলছে দ্রুতগতিতে
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুই পর্বের ৪৯তম বিশ্ব ইজতেমা। ১৬০ একরের বিশাল ময়দানে পাটের চট ও বাঁশ দিয়ে তাঁবু তৈরিসহ অন্যান্য কাজ চলছে দ্রুতগতিতে। স্বেচ্ছাশ্রমে এসব কাজ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় যাতায়াত, তুরাগ নদে ভাসমান সেতু স্থাপন, রাস্তা ও শৌচাগার মেরামত, বিশেষ যাতায়াতব্যবস্থা, নিরাপত্তা ও চিকিৎসা বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রথম পর্বের ইজতেমা শেষ হবে ২৬ জানুয়ারি। দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি শেষ হবে। প্রথম পর্বে দেশের ৩২টি জেলার মুসল্লি ও বিদেশি মেহমানরা অংশ নেবেন বলে আয়োজক কমিটি জানিয়েছে। পুরো ইজতেমা ময়দানকে ৪০টি খিত্তায় ভাগ করা হয়েছে। খিত্তা নম্বরসহ জেলাগুলো হলো: গাজীপুর (১-২), ঢাকা (৩-১২), সিরাজগঞ্জ (১৩), ফরিদপুর (১৪), নরসিংদী (১৫), কিশোরগঞ্জ (১৬), রাজবাড়ী (১৭), শরীয়তপুর (১৮), নাটোর (১৯), শেরপুর (২০), দিনাজপুর (২১), হবিগঞ্জ (২২), রংপুর (২৩), লালমনিরহাট (২৪), গাইবান্ধা (২৫), জয়পুরহাট (২৬), রাজশাহী (২৭), সিলেট (২৮), চাঁদপুর (২৯), ফেনী ৩০), চট্টগ্রাম (৩১), বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটি (৩২), বাগেরহাট (৩৩), কুষ্টিয়া (৩৪), নড়াইল (৩৫), চুয়াডাঙ্গা (৩৬), যশোর (৩৭), ভোলা (৩৮), বরগুনা (৩৯) ও ঝালকাঠি (৪০)।
গতকাল ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্র, পোশাকশ্রমিকসহ বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা আলাদা আলাদা দলে ভাগ হয়ে স্বেচ্ছাশ্রমে মাঠের সংস্কারকাজ করছেন। ময়দানের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের জন্য বিশেষ টিন দিয়ে ছাউনি বানানো হচ্ছে। লোহার পাইপ দিয়ে চলছে মঞ্চ তৈরির কাজ। তাঁদের তাঁবুতে বিগত বছরগুলোতে কোনো পাকা শৌচাগার না থাকলেও এবার প্রায় ২০০ পাকা শৌচাগার নির্মাণ করা হচ্ছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে তাঁবুগুলো আরও আরামদায়ক করে তোলা হবে বলে ইজতেমা প্রস্তুতির কাজে নিয়োজিত মুরব্বিরা জানিয়েছেন।
দেশীয় মুসল্লিদের সুবিধার্থে এবার ময়দানের চারপাশেই কাঁচা-পাকা শৌচাগার নির্মাণ করা হচ্ছে। আগের দক্ষিণ-পূর্ব কোণে দোতলা পাকা শৌচাগারগুলো এবার তিনতলা করা হচ্ছে। বাকি তিন দিকে আরও তিনটি তিনতলা শৌচাগার তৈরির কাজ প্রায় শেষের পথে। মুসল্লিদের অবাধ চলাচলের জন্য তুরাগ নদে সেনাবাহিনীর প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) কোরের সদস্যরা ভাসমান সেতু তৈরি করছেন। বেশ কয়েকটি সেতু তৈরির কাজ প্রায় শেষের দিকে।
ময়দানের চারপাশে রিংয়ের তৈরি পোর্টেবল নর্দমা স্থাপন করা হচ্ছে, যাতে মুসল্লিরা নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে পারেন। ইজতেমা উপলক্ষে দেশের সব জেলা থেকে মুসল্লিদের যাতায়াতের জন্য থাকবে বিশেষ বাস, ট্রেন ও বিআরটিসির সার্ভিস। ইজতেমা চলার সময় সব ট্রেন টঙ্গী রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করবে।
মুসল্লিদের নির্বিঘ্নে মাঠে প্রবেশের জন্য ইতিমধ্যে রাস্তার ধারে ফুটপাতের অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ শুরু করেছে পুলিশ। গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক নিধনসহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ তদারক করা হবে।
পুলিশ সুপার আবদুল বাতেন বলেন, অন্যান্যবারের মতো এবারও সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা বসানো হবে। উঁচু স্থান থেকে র্যাবের পর্যবেক্ষণ ও হেলিকপ্টারে করে টহলের ব্যবস্থা থাকবে।
তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় মুরব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বলেন, আল্লাহর মেহেরবানিতে ইজতেমা ময়দানের প্রস্তুতিকাজ এগিয়ে চলেছে। ২২ জানুয়ারির মধ্যে ময়দানের সব কাজ শেষ হবে ইনশাল্লাহ। ২৪ জানুয়ারি থেকে নির্ধারিত জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে যেন নিজেদের নির্ধারিত খিত্তায় অবস্থান নিতে পারেন, সেই ব্যবস্থাও দ্রুতগতিতে চলছে।
টঙ্গী সরকারি হাসপাতালের আরএমও মাহবুবুর রহমান চৌধুরী জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে হাসপাতালের চিকিৎসা সেবার প্রস্তুতি রয়েছে। এ ছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল, সাহায্য সংস্থা, এনজিও ও বিভিন্ন সামাজিক সংগঠন বিনা মূল্যে মুসল্লিদের চিকিৎসা ও ওষুধ বিতরণ করবে।
টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন জানান, এবারের বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের সার্বিক নিরাপত্তার দিকটি নতুন কৌশল ও আঙ্গিকে সুনিশ্চিত করা হবে। মুসল্লিদের নির্বিঘ্নে মাঠে প্রবেশের জন্য রাস্তার ধারে ফুটপাতের অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।