২৪ জানুয়ারি কুমিল্লা শহরে আধা বেলা হরতাল আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে ২৪ জানুয়ারি কুমিল্লা শহরে আধা বেলা হরতাল আহ্বান করেছে দক্ষিণ জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, সরকার স্বাভাবিক আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করে সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হীন রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে। এমতাবস্থায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আগামী ২০ জানুয়ারি রোববার সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল, ২২ জানুয়ারি কুমিল্লা টাউন হলের মুক্তমঞ্চে প্রতীকী অনশন ও ২৩ জানুয়ারি জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে। ২৩ জানুয়ারির মধ্যে মির্জা ফখরুলকে মুক্তি না দিলে ২৪ জানুয়ারি কুমিল্লা জেলা শহরে অর্ধদিবস হরতাল পালন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী প্রমুখ।