২৪ জানুয়ারি সারা দেশে ১৪ দলের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ২৪ জানুয়ারি রাজধানীসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। এ ছাড়া ১২ থেকে ২৪ জানুয়ারি সারা দেশে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের জেলা সফরের কর্মসূচি নেওয়া হয়েছে। তবে, বিশ্ব ইজতেমা উপলক্ষে ১০, ১১, ১২ এবং ১৮ ও ১৯ জানুয়ারি সফর কর্মসূচি স্থগিত থাকবে।গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দায়িত্বশীল একটি সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে বৈঠকে। ১৪ দলের শরিক নেতারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, তখন জ্বালানি তেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। একই সঙ্গে নেতারা বিদ্যুতের দাম না বাড়ানোর জন্যও সরকারের প্রতি আহ্বান জানান। বৈঠক সূত্র জানায়, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জ্বালানি তেলের মূল্য বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করে বলেন, বোরো মৌসুমে ডিজেলের দাম বাড়ানো উচিত হয়নি। এ সময় জাসদের শরীফ নূরুল আম্বিয়া তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। এ ছাড়া রাশেদ খান মেনন বিদ্যুতের দাম না বাড়ানোরও প্রস্তাব করেন। তিনি তেলের দাম বাড়ানোর সপক্ষে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।জবাবে আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, প্রতিটি দলের একটা নিজস্ব মতামত আছে। সেই মতটাই হাছান মাহমুদ তুলে ধরেছেন।বৈঠক শেষে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সংবাদ ব্রিফিংয়ে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার জনগণের প্রাণের দাবি। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে জনগণ এই আন্দোলনে সম্পৃক্ত হবে।সম্প্রতি বিএনপির ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজুমদার হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমু বলেন, ‘বিষয়টি সরকার গুরুত্বসহকারে নিচ্ছে বলে আমি মনে করি।’ ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন: মতিয়া চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, দিলীপ বড়ুয়া, মঈন উদ্দীন খান বাদল, আনিসুর রহমান মল্লিক, ওয়াজেদুল ইসলাম, নুরুর রহমান প্রমুখ।