২৪ জানুয়ারির পর আরেকটি নির্বাচন হতে পারে: মুহিত
২৪ জানুয়ারির পর আলোচনা সাপেক্ষে সব দলকে নিয়ে আরেকটি নতুন নির্বাচন হতে পারে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শুক্রবার নগরের কাজিরবাজার সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন সরকার গঠনের পর যেকোনো সময় আলোচনা সাপেক্ষে এ নির্বাচন হতে পারে।’
অর্থমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত। তাই ঘোষিত তফসিল অনুযায়ী এ সময়ের মধ্যে নির্বাচন হচ্ছে। নির্বাচনে কোনো দল অংশ না নিলে নির্বাচন হবে না—এটা ঠিক না। সরকার সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন চেয়েছিল। কিন্তু বিএনপি তাতে সাড়া না দেওয়ায় সম্ভব হয়নি। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের পর যেকোনো সময় সকল দলের অংশগ্রহণে আরেকটি সুন্দর নির্বাচন হতে পারে।’
তাহলে আপনারা কি আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসছেন—এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এটা বলি না, সময়ই বলবে।’ বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনে সকল দলের অংশগ্রহণ না হওয়ার জন্য খালেদা জিয়াই দায়ী। বারবার আহ্বান জানানোর পরও বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। খালেদা জিয়া সংবিধান মানেন না বলেই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক, এটা চান না। তাই তিনি নির্বাচনে না এসে জামায়াতকে সঙ্গে নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন।’
সওজের কাজে অসন্তুষ্ট অর্থমন্ত্রী
সিলেট নগরে সুরমা নদীর ওপর কাজিরবাজার সেতুর নির্মাণকাজ গত বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এ সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। বরং সেতুর দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরামউল্লাহ গত মঙ্গলবার ৬০ কোটি টাকার কাজের দরপত্র ভাগাভাগি করার অভিযোগে সিলেট থেকে প্রত্যাহার হন।
আজ সকালে অর্থমন্ত্রী কাজিরবাজার সেতু পরিদর্শনে যান। সেখানে গিয়ে কাজের ধীরগতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। সওজের সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ার কারণ জানতে চান। একপর্যায়ে কাজের মান ও ধীরগতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করে সেতু এলাকা থেকে সিলেট এমসি কলেজ ছাত্রাবাস পুনর্নির্মাণ, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কার ও শাহপরান (রহ.) হাসপাতাল নির্মাণ ও বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন।