২৪ জানুয়ারির পর আরেকটি নির্বাচন হতে পারে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ জানুয়ারির পর আলোচনাসাপেক্ষে সব দলকে নিয়ে আরেকটি নতুন নির্বাচন হতে পারে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শুক্রবার নগরের কাজীরবাজার সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন সরকার গঠনের পর যেকোনো সময় আলোচনাসাপেক্ষে এ নির্বাচন হতে পারে।’
অর্থমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত। তাই ঘোষিত তফসিল অনুযায়ী এ সময়ের মধ্যে নির্বাচন হচ্ছে। নির্বাচনে কোনো দল অংশ না নিলে নির্বাচন হবে না—এটা ঠিক না।
সরকার সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চেয়েছিল। কিন্তু বিএনপি তাতে সাড়া না দেওয়ায় সম্ভব হয়নি। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের পর যেকোনো সময় সব দলের অংশগ্রহণে আরেকটি সুন্দর নির্বাচন হতে পারে।’ আপনারা কি আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসছেন—এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এটা বলি না, সময়ই বলবে।’ বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হওয়ার জন্য খালেদা জিয়াই দায়ী। বারবার আহ্বান জানানোর পরও বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। খালেদা জিয়া সংবিধান মানেন না বলেই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক, এটা চান না। তাই তিনি নির্বাচনে না এসে জামায়াতকে সঙ্গে নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন।’