২৪ জানুয়ারির আগে সাংসদদের শপথ বা সরকার গঠন হচ্ছে না। আইন ও সাংবিধানিক বাধ্যবাধকতায় ২৪ জানুয়ারির পরপরই সংসদ সদস্যদের গেজেট, শপথ ও সরকার গঠন করা হবে। তবে চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই নতুন সরকার শপথ নেবে।
গত মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা শফিক আহমেদের রাজাবাজারের বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে সাংসদসহ নতুন সরকারের শপথ গ্রহণ বিষয়ে আইনগত খুঁটিনাটির বিষয়ে আলোচনা হয়। নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে।
বৈঠকে ৫ জানুয়ারির নির্বাচন সম্পন্ন হলেও ২৪ জানুয়ারির আগে নতুন সাংসদদের গেজেট প্রকাশে আইনগত জটিলতা আছে বলে আলোচনা হয়। বর্তমান সংসদ ২৪ জানুয়ারি পর্যন্ত বহাল আছে।
সরকারের উচ্চপর্যায় সূত্রে জানা গেছে, বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকেই নতুন স্পিকার হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সূত্র জানায়, বৈঠকে আইন উপদেষ্টা শফিক আহমেদ, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা মসিউর রহমান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইনসচিব শহীদুল হক এবং আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাউছার উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায়ে কেউ কেউ ধারণা দিয়েছিলেন, ৫ জানুয়ারির ভোট গ্রহণের পর ৭-৮ তারিখের মধ্যেই সাংসদদের শপথ গ্রহণ এবং সরকার গঠন সম্ভব হবে। এ ক্ষেত্রে আইনগত কোনো সমস্যা হবে না। এ বিষয়ে আলোচনার জন্যই আইন বিশেষজ্ঞদের নিয়ে এ বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ২৪ জানুয়ারির পর সাংসদ এবং সরকারের শপথ নিতে হবে। এর আগে সম্ভব নয়।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, একটি সংসদ থাকতে অপর একটি সংসদ সদস্যদের গেজেট হতে পারে না।
বৈঠক সূত্র জানায়, ২৪ জানুয়ারির পরপরই নির্বাচন কমিশন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করবে। এ ক্ষেত্রে ২৫ বা ২৬ জানুয়ারি সাংসদদের শপথ হতে পারে। স্পিকার সাংসদদের শপথবাক্য পাঠ করাবেন। সাংসদদের শপথের এক-দুই দিনের মধ্যেই নতুন সরকার গঠন হতে পারে।
সূত্র জানায়, বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নতুন স্পিকার করার ব্যাপারে আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত থাকায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই সংরক্ষিত আসনে নারী সাংসদ নির্বাচন হবে। শিরীন শারমিন চৌধুরীকে সংরক্ষিত আসনে সাংসদ নির্বাচন করা হবে। তিনি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেননি। সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী, বর্তমান স্পিকার সাংসদ নির্বাচিত হলে তিনি নিজের শপথ নিজেই নেবেন।