২৪ জুলাই ঢাকায় ধর্মঘট সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের
২৪ জুলাই রোববার ভোর ছয়টা থেকে ঢাকা বিভাগে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। পরিবহন মালিক ও শ্রমিকদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার, পুলিশের হয়রানি বন্ধ, নিবন্ধনহীন গাড়ি চলাচল করতে না দেওয়া, সিএনজির দাম কমানোসহ বিভিন্ন দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।রাজধানীর রাজউক এভিনিউতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে হরতাল আহ্বান করা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ঢাকা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সিনিয়র সহসভাপতি আবদুর রহিম বক্স, সহসভাপতি সামসুদ্দীন সরকার, যুগ্ম সম্পাদক কাজী মোতাহার হোসেন প্রমুখ।সংবাদ সম্মেলনে আরও যেসব দাবি তুলে ধরা হয় সেগুলো হলো: গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও গাজীপুর জেলা পরিবহন মালিক সমিতি দখলমুক্ত করা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন; খুলনা, গাবতলী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে ট্রাক-বাসসহ সারা দেশে চালকদের বিরুদ্ধে দণ্ডবিধি ৩০২ ধারায় দায়ের করা খুন ও ডাকাতির মামলা বাতিল; গাজীপুর, টাঙ্গাইল ও টঙ্গীসহ ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে টার্মিনাল স্থাপনে অবিলম্বে সরকারের সঙ্গে চুক্তি বাস্তবায়ন এবং সহজ শর্তে চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া; শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সড়ক পরিবহন শ্রমিক লীগের অবৈধ কার্যক্রম বন্ধ; মহাসড়ক পুলিশের নির্যাতন বন্ধ; বঙ্গবন্ধু সেতু থেকে ঢাকা পর্যন্ত রাস্তাটি চার লেনে সম্প্রসারিত করা এবং ঢাকা থেকে ময়মনসিংহ রাস্তার কাজ দ্রুত শেষ করা; নছিমন, করিমন, ভটভটি প্রভৃতি অবৈধ যানবাহনের চলাচল বন্ধ করা প্রভৃতি।