সংসদে প্রশ্নোত্তর ১০ দিন বিরতির পর অধিবেশন শুরু
২৪ জেলায় ২৭টি নতুন সরকারি হাসপাতাল স্থাপন করা হবে
দেশের ২৪টি জেলায় ২৭টি নতুন সরকারি হাসপাতাল স্থাপন করা হবে। এর মধ্যে ২০টি ২০ শয্যাবিশিষ্ট এবং সাতটি ৩১ শয্যার। অর্থ বরাদ্দ পাওয়ার পর এসব হাসপাতাল স্থাপনের কাজ শুরু হবে।গতকাল সোমবার জাতীয় সংসদে মনিরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ তথ্য জানান। ১০ দিন বিরতির পর সংসদের অধিবেশন গতকাল সোমবার বিকেল পাঁচটা ১০ মিনিটে আবার শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার আবদুল হামিদ। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত ২০ শয্যার হাসপাতালের মধ্যে বরিশাল, মাগুরা ও শরীয়তপুরে দুটি করে এবং ফেনী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, ঝিনাইদহ, পটুয়াখালী, পাবনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, দিনাজপুর, কুষ্টিয়া, খুলনা, লালমনিরহাট ও মুন্সিগঞ্জে একটি করে হাসপাতাল স্থাপন করা হবে। ৩১ শয্যার হাসপাতাল হবে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, টাঙ্গাইল, সিলেট ও মৌলভীবাজারে। এ বি এম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ছয় হাজার ৩৯১ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ করা হয়েছে। গত ১ জানুয়ারি সারা দেশে এ পদের জন্য আগ্রহী প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে এমবিবিএস পাস করা চিকিত্সকের সংখ্যা ৫২ হাজার ১০৪ জন। সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে রুহুল হক বলেন, দেশে বর্তমানে ২৫২টি ওষুধ উত্পাদনকারী কারখানা রয়েছে। দেশে আড়াই লাখ মসজিদ আছে: পঞ্চগড়ের সাংসদ নূরুল ইসলামের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া বলেন, দেশে বর্তমানে দুই লাখ ৫০ হাজার ৩৯৯টি মসজিদ রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ২০০৮-এর জরিপ অনুসারে এ তথ্য দেওয়া হয়েছে। তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ২৩ হাজার মন্দির, মঠ ও আশ্রম রয়েছে।‘সোনার তরী’ ও ‘সোনার খেয়া’ নিলামে: পিরোজপুরের সাংসদ আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানান, বিআইডব্লিউটিএর পরিদর্শন জাহাজ ‘সোনার তরী’ ও ‘সোনার খেয়া’ নিলামে বিক্রির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া পুরোনো ও অলাভজনক হওয়ায় এমভি বাংলার গৌরব এবং এমভি বাংলার ঊর্মি জাহাজ বিক্রির প্রক্রিয়াধীন রয়েছে। কুমিল্লার সাংসদ নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর এই প্রথম বিআইডব্লিউটিএ তিনটি ড্রেজারসহ আনুষঙ্গিক নৌযান কেনার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দুটি ড্রেজার, ক্রেনবোট, ক্রু হাউসবোট এবং টাগবোটসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি কেনার প্রক্রিয়া আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে। চলতি বছরের জুন মাসের মধ্যে একটি ড্রেজার এবং ২০১৫ সালের জুনের মধ্যে ১৭টি ড্রেজার কেনার প্রক্রিয়া শেষ হবে।