২৪ ডিসেম্বর ঢাকায় ১৪ দলের বিক্ষোভ সমাবেশ
একাত্তরের যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘটনায় পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাসের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। ২২ ডিসেম্বর রোববার উপজেলা, ২৩ ডিসেম্বর সোমবার জেলা ও ২৪ ডিসেম্বর মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জোটটি।
আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল মনে করে পাকিস্তানের এই আচরণ ধৃষ্টতাপূর্ণ। তাদের আস্ফাালন রাজনৈতিক শিষ্টতাবর্জিত। এমনকি কূটনৈতিকভাবেও এই আস্ফাালন অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে বিএনপি-জাময়াত মানবতাবিরোধী অপরাধী ও দুর্নীতিবাজদের রক্ষা করতে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দকে ঠেলে দিচ্ছে। ১৪ দল এসব চোরাগোপ্তা হামলার তীব্র নিন্দা জানায়। দেশের এই অপশক্তির বিরুদ্ধে সব অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে।
গত কয়েক দিনে সাতক্ষীরা, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছে। এসব এলাকায় ১৪ দল পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মোহাম্মদ নাসিম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সঙ্গে আলোচনা চলছে। কিন্তু সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে ৫ জানুয়ারি নির্বাচন হবে। নির্বাচনের সঙ্গে আলোচনার কোনো সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।