সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২৪ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ তথ্য জানানো হয়। তবে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি থাকায় ২৬ ডিসেম্বর থেকে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন প্রথম আলোকে জানান, দুজন ছাত্র হত্যার ঘটনায় আয়োজিত বিভিন্ন শোকসভায় শিক্ষার্থীদের দাবি ও শোকাবহ পরিবেশ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় চেঙ্গেরখালে নৌভ্রমণে বের হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী নৌকায় হামলা চালায় বখাটে সন্ত্রাসীরা। এ সময় তারা দুজন ছাত্র খায়রুল কবীর ও দীপঙ্কর ঘোষকে পিটিয়ে নদীতে ফেলে দেয়। শনিবার সকালে নদী থেকে ওই দুজন ছাত্রের লাশ উদ্ধার করা হয়।