২৪ ডিসেম্বর পাল্টা সমাবেশ ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২৪ ডিসেম্বর হেফাজতে ইসলামের মহাসমাবেশের দিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পাল্টা সমাবেশ ডেকেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের ঢাকা মহানগর শাখা।
কয়েক দিন আগে ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ নিয়ে গতকাল রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক যৌথ সভা হয়। তাতে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, হেফাজত যতই আস্ফাালন করুক না কেন, ২৪ ডিসেম্বর তাদের সমাবেশ করতে দেওয়া যাবে না। কারণ তারা সমাবেশের নামে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, হেফাজত ২৪ ডিসেম্বর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে জান দিয়ে হলেও তা রুখে দেওয়া হবে।
এদিকে ২৪ ডিসেম্বরের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। গতকাল এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। চলমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধানসহ ১৩ দফা দাবিতে গত ২৩ নভেম্বর এই কর্মসূচি ঘোষণা করে হেফাজত।
হেফাজত নেতাকে ডেকেছে র‌্যাব: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক নূর হোসাইন কাসেমীকে গতকাল বেলা পৌনে একটার দিকে বারিধারা জামেয়া মাদানিয়া মাদ্রাসা থেকে র‌্যাবের গাড়িতে করে উত্তরায় সংস্থার সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে তিনটায় র‌্যাব কার্যালয় থেকে তিনি ফিরে আসেন।
এরপর সন্ধ্যা ছয়টার দিকে প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে ডেকে নেওয়া হয় নূর হোসাইন কাসেমীকে। রাত আটটায় তিনি ফিরে আসেন।
নূর হোসাইন কাসেমী প্রথম আলোকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সমাবেশ না করার জন্য তাঁকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ৫ জানুয়ারির পর সমাবেশ করলে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ প্রস্তাব হেফাজতের আমির শাহ আহমদ শফীকে অবহিত করবেন বলে জানান।