২৪ ডিসেম্বর শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকার শাপলা চত্বরে আগামী ২৪ ডিসেম্বর আবারও মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল মাদ্রাসায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এ কর্মসূচি দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আজ সোমবার বেলা তিনটায় হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
হেফাজতে ইসলামের পরবর্তী কর্মসূচি: ২৯ নভেম্বর দেশের সব উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল। এ ছাড়া ২৪ নভেম্বর চাঁদপুরে, ৩০ নভেম্বর টাঙ্গাইলে, ৯ ডিসেম্বর দিনাজপুরে, ১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রামে, ২০ ডিসেম্বর ফেনী, নোয়াখালী, কুমিল্লা, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, হবিগঞ্জ, বগুড়া, সিলেট, খুলনা ও রাজশাহীতে শানে রেসালত মহাসমাবেশ।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, হেফাজতে ইসলাম কাউকে ক্ষমতা থেকে সরানো এবং ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন-সংগ্রাম করছে না। অভিযোগ করা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে অব্যাহত কুৎসা রটনা, কুরুচিপূর্ণ মন্তব্য অপপ্রচারে ব্যর্থ হয়ে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে ১৮ দলের নেত্রীর ছবির সঙ্গে তাঁর ছবি জুড়ে দিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে পোস্টারিং করা হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা শামসুল আলম ও হাফেজ তাজুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ও কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আশরাফ আলী নিজামপুরী।