২৪ দপ্তরের ১৯টিতেই কর্মকর্তা অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় সকাল নয়টা। ঝিনাইদহের জেলা প্রশাসক মো. জাকির হোসেন পৌঁছে যান শৈলকুপা উপজেলা পরিষদ কার্যালয়ে। এক ঘণ্টা ঘুরে ঘুরে দেখেন ২৪টি দপ্তর। এ সময় মাত্র পাঁচজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাকি ১৯টি দপ্তরের কর্মকর্তারা তখনো উপস্থিত হননি।

গতকাল রোববার উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে এ অবস্থা দেখেন জেলা প্রশাসক। জাকির হোসেন বলেন, ঝটিকা এই পরিদর্শনের উদ্দেশ্য হলো সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে আসেন কি না, তা যাচাই করা। পরিদর্শন শেষে তিনি সব দপ্তরের জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন অনুপস্থিত কর্মকর্তাদের দেরি করে আসার জন্য কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওসমান গণি বলেন, উপজেলা পরিষদে মোট ৩৫টি দপ্তর রয়েছে। জেলা প্রশাসক সকাল ৯ থেকে ১০টা পর্যন্ত ২৪টি দপ্তর ঘুরে দেখেন। এর মধ্যে ইউএনও, শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি ও পল্লী দারিদ্র্য বিমোচন দপ্তরে কর্মকর্তা পেয়েছেন।

অন্যদিকে যুব উন্নয়ন, সমাজসেবা, আনসার ভিডিপি, মৎস্য, বিআরডিবি, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, ইসলামিক ফাউন্ডেশন, সমবায়, ভূমি জরিপ, হিসাবরক্ষণ, ভূমি রেজিস্ট্রি, মহিলা অধিদপ্তর, পল্লী উন্নয়ন, নির্বাচন দপ্তরসহ ১৯টি দপ্তরের প্রধানেরা অনুপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. জাকির হোসেন সকাল সোয়া আটটার দিকে বাসা থেকে বের হন। তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে যাবেন তা কেউ জানতেন না।