২৪ দিন পর রাজগঞ্জে গেলেন সাংসদ বুলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ২৪ দিন পর ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন স্থানীয় বিএনপিদলীয় সাংসদ বরকত উল্লা বুলু। গতকাল রোববার সকালে সাংসদ বরকত উল্লা তাঁর সহধর্মিণী এবং দলীয় নেতা-কর্মীদের নিয়ে ওই এলাকায় যান।বরকত উল্লা এ সময় ঘটনার পরপরই এলাকায় না আসতে পারা এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন। তাঁর বিরুদ্ধে মামলা থাকায় তিনি ওই সময় আসতে পারেননি বলে উল্লেখ করেন। তিনি ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের উদ্দেশে বলেন, বাড়িঘর-মন্দিরে হামলাকারীরা যে-ই হোক, বা যে দলেরই হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।বরকত উল্লা বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের কোনো ধর্ম নেই, দল নেই। এরা সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও লুটেরা। এই সন্ত্রাসীরা বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত—যে দলেই হোক, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বরকত উল্লা এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি করেন। পরিদর্শনকালে তিনি গত ২৮ ফেব্রুয়ারির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের নারীদের প্রত্যেকের মাঝে দুটি করে শাড়ি এবং শিশুদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির ও স্থানীয় বিএনপির কর্মীরা রাজগঞ্জ বাজার ও পার্শ্ববর্তী আলাদীনগর ও টঙ্গীরপাড় গ্রামে হিন্দুদের বাড়িঘর-মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন।