২৪ দিনে বাংলাদেশে ২১ হাজার রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সহিংস নির্যাতনের শিকার প্রায় ২১ হাজার রোহিঙ্গা গত কয়েক সপ্তাহে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

খবরে বলা হয়েছে, গত মাসের শুরুতে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নারকীয় নির্যাতন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করতে বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে।
তবে আইওমের কক্সবাজার আঞ্চলিক কার্যালয় প্রধান সংযুক্তা সাহানি জানিয়েছেন, রাষ্ট্রহীন এই ক্ষুদ্র জাতিসত্তার প্রায় ২১ হাজার মানুষ গত দুই মাসে রাখাইন রাজ্যের সীমান্তবর্তী এলাকা কক্সবাজারে প্রবেশ করেছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের বেশির ভাগ আপৎকালীন আশ্রয় নিয়েছে, কেউ কেউ শরণার্থীশিবির ও গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে।
এএফপির সঙ্গে টেলিফোনে তিনি বলেন, ‘জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য অনুসারে, ৯ অক্টোবর থেকে ২ ডিসেম্বরের মধ্যে আনুমানিক ২১ হাজার রোহিঙ্গা কক্সবাজারে প্রবেশ করেছে।’
এএফপির সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশে আশ্রয় নেওয়া অনেক রোহিঙ্গা তাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতন, গণধর্ষণ ও হত্যার ভয়াবহতার কথা তুলে ধরে।
হিউম্যান রাইটস ওয়াচের স্যাটেলাইট চিত্র থেকে দেখা যায়, রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোর শত শত বাড়িঘর ধ্বংস করে ফেলা হয়েছে।
মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করলেও বিদেশি সাংবাদিক ও ঘটনা তদন্তে ইচ্ছুক ব্যক্তিদের সেসব অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী অং সান সূচি এ ইস্যুতে আন্তর্জাতিক নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছেন প্রতিদিন।
গত সপ্তাহে তিনি ‘শান্তি ও জাতীয় ঐক্যে’ কাজ করার ওপর জোর দিয়ে বলেছেন, তাঁর দেশকে নানা সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। কিন্তু রাখাইন রাজ্যে সহিংসতার বিষয়ে তিনি কিছু বলেননি।
বাংলাদেশ রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত চৌকিতে নজরদারি বাড়িয়েছে এবং কোস্টগার্ড মোতায়েন করেছে। গত দুই মাসে বাংলাদেশের সীমান্তরক্ষীরা রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু বহনকারী শত শত নৌকাকে ফেরত পাঠিয়েছে। তবে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে সীমান্ত খুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ওপর বিরোধী দল ও মুসলিম গোষ্ঠীরা চাপ সৃষ্টি করছে। রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে আজ মঙ্গলবার হাজার হাজার কট্টর মুসলিমদের একটি মিছিল বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাসের দিকে অগ্রসর হলে পুলিশ তাতে বাধা দেয়।
সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান এএফপিকে জানিয়েছেন, প্রায় ১০ হাজার মুসলিম শান্তিপূর্ণ ওই মিছিলে অংশ নেয়।
জানা গেছে, বাংলাদেশে ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বসবাস করছে। এদের বেশির ভাগই অবৈধ। এদের মধ্যে প্রায় ৩২ হাজার রোহিঙ্গা শরণার্থী হিসেবে তালিকাভুক্ত।