আজ কোথায় আপনি?
: পঞ্চগড়ের দেবীগঞ্জ।
কয়টা জেলা হলো?
: ২১টি।
কত কিলোমিটার?
৯৯৮ কিলোমিটার।
৮ ফেব্রুয়ারি রাতে ফোনে কথা হচ্ছিল ‘হাঁটাবাবা’ সাইফুলের সঙ্গে। পুরো নাম সাইফুল ইসলাম, ডাকনাম শান্ত। ২০২০ সালের ২৭ নভেম্বর সেন্ট মার্টিন বাংলা চ্যানেলে সাঁতারের সময় প্রথম দেখা সাইফুলের সঙ্গে। পরিচয় করিয়ে দিয়েছিলেন বাংলা চ্যানেল সাঁতারের আয়োজক ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটন সরকার, যিনি নিজেই ১৮ বার সাঁতরে পাড়ি দিয়েছেন বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল।
সাইফুলের সামনে গিয়ে লিপটন সরকার বলেন, ‘এই হচ্ছে সাইফুল। আমাদের হাঁটাবাবা।’ না, উনি ঢাকার সেই প্রয়াত ‘পীর হাঁটাবাবা’ নন। সাইফুল লম্বা দূরত্ব হাঁটেন। কারিগরি ভাষায় যাকে বলে লং ডিসটেন্স হাইকিং। এটাও অ্যাডভেঞ্চার।
সেন্ট মার্টিনে প্রথম পরিচয়ে প্রশ্ন করেছিলাম, টানা কত দূর হেঁটেছেন?
: ঢাকা থেকে কুমিল্লা ১০০ কিলোমিটার হেঁটে গেছি। এই তো কয়েক দিন আগে।
২০২০ সালের ২০ নভেম্বর ঢাকার জিরো পয়েন্ট থেকে কুমিল্লার দেবীদ্বার পর্যন্ত ১০০ কিলোমিটার সাইফুল হেঁটে গিয়েছিলেন ২২ ঘণ্টায়। এটা বাংলাদেশে এক দিনের হাঁটার ক্ষেত্রে একটা রেকর্ড। সাইফুলকে জিজ্ঞাসা করেছিলাম, হাঁটা নিয়ে পরিকল্পনা কী? বলেছিলেন, ‘দেশের ৬৪ জেলা হেঁটে হেঁটে ঘুরব।’
সেই পরিকল্পনার বাস্তবায়নে এখন পথে পথে সাইফুল ইসলাম। ১৪ জানুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ৬৪ জেলায় হাঁটা শুরু করেন হাঁটাবাবা সাইফুল। ৮ ফেব্রুয়ারি পৌঁছান পঞ্চগড়ের দেবীগঞ্জে। ২৪ দিনে পেরিয়েছেন ২১ জেলার ৯৯৮ কিলোমিটার পথ। শুরুর তারিখ থেকে হিসাব করলে ২৬ দিন হয়, তবে মাঝখানে বৃষ্টির কারণে দুই দিন হাঁটেননি। ৯৯৮ কিলোমিটারের পুরোটাই হেঁটে। জামালপুর থেকে উত্তরবঙ্গে ঢোকার সময় ব্রহ্মপুত্র নদ শুধু পার হতে হয়েছে নৌকায়। ২১ জেলার মধ্যে আছে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়।
এই হাইকিংয়ে ভোর থেকে হাঁটা শুরু করেন সাইফুল। সন্ধ্যার পর থামেন। বলেন, ‘বিভিন্ন জায়গায় গিয়ে পরিচিত মানুষের বাসায় থাকি। আবার কখনো ডাকবাংলো বা হোটেলে।’ সাইফুল বলেন, ‘একা একাই হাঁটি। শুরু করার সময় স্থানীয় লোকজন এগিয়ে দেন। আর দিনের গন্তব্যে পৌঁছানোর সময় স্থানীয় সাইক্লিস্ট ও রানার গ্রুপগুলোর সদস্যরা এগিয়ে আসেন।’
সাইফুলের এই হাঁটার উদ্দেশ্য শুধু রেকর্ড করা নয়; তিনটি বিষয়ে তিনি সচেতনতা তৈরির কাজ করছেন। জীবন বাঁচাতে রক্তদান, প্লাস্টিক ব্যবহারে সতর্কতা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে মানুষকে সচেতন করে চলেছেন হেঁটে হেঁটে। ‘ইচ্ছা ছিল স্কুল-কলেজে গিয়ে এসব নিয়ে কথা বলব। কিন্তু করোনার কারণে এখন স্কুল-কলেজ বন্ধ। তাই বিভিন্ন ক্লাবে যাই, জনসমাগমের জায়গায় গিয়ে কথা বলি। এখন পর্যন্ত কোথাও কোনো বিপদ–আপদে পড়িনি। যেখানেই যাই, সবাই খুব আন্তরিক ব্যবহার করেন।’
প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪২ কিলোমিটার হাঁটেন। ৮ ফেব্রুয়ারি হেঁটেছেন ৬০ কিলোমিটার। তিনটি বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি সাইফুল আরেকটি কাজ করছেন—প্রতিটি জেলার মাটি সংগ্রহ। সাইফুলের এই অ্যাডভেঞ্চারে পৃষ্ঠপোষকতা করছে ষড়জ অ্যাডভেঞ্চার। হাইকার সোসাইটি অব বাংলাদেশ তাঁর এ পথযাত্রা মনিটরে সহায়তা করছে।
দেবীদ্বারের সিরাজুল ইসলাম ও করুণা বেগমের দুই ছেলে, এক মেয়ের মধ্য দ্বিতীয় সন্তান সাইফুল ইসলাম। ১৯৯৫ সালের ২৫ ডিসেম্বর জন্ম। ঢাকার দনিয়া কলেজ থেকে ভূগোল ও পরিবেশবিজ্ঞানে স্নাতক সাইফুলের ছোটবেলা থেকেই হেঁটে হেঁটে ঘোরার প্রতি আগ্রহ ছিল। তবে সেটা বেড়ে গেছে স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়ার পর। একটু একটু করে হাঁটার দূরত্ব বাড়িয়েছেন সাইফুল। ২০২০ সালে ৪০ দিনে হেঁটে ১ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন। কুমিল্লা থেকে বাংলাবান্ধা পর্যন্ত এ হাঁটা ছিল বাংলাদেশের সীমান্ত ধরে। এর আগে ২০১৮ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা বান্দরবান থেকে আলীকদম পর্যন্ত ১০০ কিলোমিটার পথ হাইকিং করেন সাইফুল।
বাংলা চ্যানেল সাঁতারে সাপোর্ট স্টাফ হিসেবে অংশ নেন সাইফুল। তবে নিজেকেও ধীরে ধীরে প্রস্তুত করেন বাংলা চ্যানেলে সাঁতারের জন্য। আপাতত এই হাঁটাবাবার লক্ষ্য বাকি ৪৩টা জেলা পদব্রজে ভ্রমণ করা। সাইফুল বলেন, ‘তিন মাসের লক্ষ্য নিয়েছি। আশা করি, এপ্রিলের শেষ নাগাদ ৬৪ জেলা সম্পন্ন করতে পারব, তখন পথের দূরত্ব সাড়ে ৩ থেকে ৪ হাজার কিলোমিটার হয়ে যাবে।’
৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ লেখা যখন শেষ করেছি, তখন সাইফুল পেরিয়েছেন আরও ৩৯ কিলোমিটার। পৌঁছে গেছেন ঠাকুরগাঁও জেলা শহরে, তাঁর ২২ নম্বর জেলায়। আগামী দিন আবার নামবেন পথে, এগিয়ে যাবেন ৬৪ জেলার দিকে।