২৪ দিনেও জ্ঞান ফেরেনি তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ দিনেও জ্ঞান ফেরেনি ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছোটন মল্লিকের। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।গত ১৬ ফেব্রুয়ারি বান্দরবান জেলা শহরের কিয়াঙের মোড়ে তুচ্ছ ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে ঘটনা সম্পর্কে খোঁজ নিতে গিয়ে হামলার শিকার হন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছোটন মল্লিক।ছোটনের পরিবারের অভিযোগ, ছাত্রলীগের কর্মীরা হাতুড়ি দিয়ে তাঁর মাথায় ও পিঠে আঘাত করেছেন। অজ্ঞান অবস্থায় ছোটনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। তাঁকে বর্তমানে চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ কামরুল হাসান জানান, গত ২৪ দিনে একবারও ছোটনের জ্ঞান ফেরেনি। তিনি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।ছোটনের ওপর হামলার ঘটনায় তাঁর বড় ভাই রতন মল্লিক ছাত্রলীগের ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। রতন মল্লিকের অভিযোগ, ছোটনের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। কিন্তু আওয়ামী লীগের এক নেতা বলে দিয়েছেন তাঁকে যেন আসামি না করা হয়। সে জন্য তাঁরা ফারুককে আসামি করেননি।পুলিশ জানায়, ঘটনার দিন সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। এ ছাড়া মামলার অন্য কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গতকাল সোমবার ছোটন মল্লিকের লাঙ্গিপাড়ার বাসায় গিয়ে দেখা যায়, এক মাসের শিশুসন্তান কোলে নিয়ে কাঁদছেন ছোটনের স্ত্রী লক্ষ্মী মল্লিক। পরিবারের সবাই বিমর্ষ।ছোটন মল্লিকের বাবা সুনীল মল্লিক বলেন, ছোটনের চিকিৎসার খরচ জোগাতে জায়গাজমি, গয়না ও সহায়সম্বল বিক্রি করে তাঁরা এখন প্রায় নিঃস্ব। তাঁর চিকিৎসায় এ পর্যন্ত আট লাখ টাকা খরচ হয়েছে। তিনি জানান, ছোটনের চিকিৎসায় আওয়ামী লীগের দুই নেতা ৯০ হাজার টাকা দিয়েছেন। এখন বসতভিটা বিক্রি করে তাঁরা ছোটনের চিকিৎসার খরচ জোগানোর চেষ্টা করছেন। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, সংঘর্ষে ছাত্রলীগের কেউ কেউ জড়িত থাকতে পারে। ছোটনের ওপর কারা হামলা করেছে, তা তিনি জানেন না।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।