২৪ দিনেও সেই যুবকের সংজ্ঞা ফেরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনাম হাসপাতালে সংজ্ঞাহীন সেই যুবক  ছবি: প্রথম আলো
এনাম হাসপাতালে সংজ্ঞাহীন সেই যুবক ছবি: প্রথম আলো

টানা ২৪ দিন পেরিয়ে গেলও সেই যুবকের সংজ্ঞা ফেরেনি। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকির‌্যাসা চলছে তাঁর। কবে সংজ্ঞা ফিরবে নিশ্চয়তা নেই। সাভারের রানা প্লাজা ধসের দিনেই মাথায় গুরুতর আঘাত পেয়ে সংজ্ঞা হারানো এই যুবককে এনাম হাসপাতালে ভর্তি করা হয়। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বরাইদ গ্রামের শুক্কুরি বেগম এই যুবককে তাঁর ছেলে জাহাঙ্গীর এবং রংপুরের মিঠাপুকুর থানার মুনজেলা তাঁর ছেলে মনোয়ার হোসেন বলে দাবি করেন। যুবকের মাথার ব্যান্ডেজ খোলার পর শুক্কুরি বেগম দেখতে পান, যুবকটি তাঁর ছেলে নন। ওই দুই মাকে নিয়ে গত ৩০ এপ্রিল ‘কাছের মা, দূরের মা’ এবং ৯ মে ‘দূরের মায়ের দুঃখ ঘোচেনি’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল শুক্রবার আইসিইউতে গিয়ে দেখা গেল, যুবককে তাঁর আগের ১১ নম্বর বিছানা থেকে ১৪ নম্বর বিছানায় স্থানান্তর করা হয়েছে। মুখ থেকে কৃত্রিম শ্বাসযন্ত্রও খুলে নেওয়া হয়েছে। কর্তব্যরত চিকির‌্যাসক সুদীপ সাহা জানান, গত মঙ্গলবার তাঁর গলায় ফুটো করে শ্বাস গ্রহণের বিকল্প ব্যবস্থা (ট্রাকস্টমি) করা হয়েছে। যদিও তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে, তবে তিনি নিজের চেষ্টাতেই অক্সিজেন নিতে পারছেন। নাকে নল দিয়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে। মুনজেলা বেগম জানালেন, ছেলের প্রমাণ দেওয়ার জন্য এলাকার ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র নিয়ে স্থানীয় ইউপি সদস্য ঢাকায় আসছেন। যুবকের সংজ্ঞা না ফেরায় হাসপাতাল কর্তৃপক্ষ মুনজেলা বেগমের মাতৃত্বের দাবি গ্রহণ করেনি।