নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ডিয়াবাড়ি বাজারে গত সোমবার রাতে আগুন লেগে ২৪টি দোকান ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে বাজারের ওবায়দুর রহমানের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা গোটা বাজারে ছড়িয়ে পড়ে। নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত হয় ৪০টি ব্যবসাপ্রতিষ্ঠান।
নীলফামারী প্রতিনিধি
বিনা মূল্যে অস্ত্রোপচার
নারীদের প্রসবজনিত ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলার (ভিভিএফ) রোগের বিনা মূল্যে অস্ত্রোপচার করা হবে আগামী শনি ও রোববার রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে। অস্ত্রোপচারে উপস্থিত থাকবেন ঢাকা থেকে আগত বিশিষ্ট চিকিৎসক আনোয়ার হোসেন, ফারহানা দেওয়ান, খলিলুর রহমান ও আবদুর রহমান। আগ্রহী রোগীদের হাসপাতালে যোগাযোগ করার জন্য ওই মেডিকেল কলেজের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, রংপুর