২৪ বছর ধরে অকেজো একটি অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি। ফলে জরুরি রোগী পরিবহনে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্সটি অকেজো থাকায় বিভিন্ন দুর্ঘটনাসহ মুমূর্ষু রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথেই অনেক সময় রোগীর মৃত্যু অথবা অবস্থার আরও অবনতি ঘটে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে এরশাদ সরকারের আমলে স্বাস্থ্য কমপ্লেক্সে এ অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়। কিন্তু ১৯৯৬ সালে এটি নষ্ট হয়ে গেলে আর মেরামত করা হয়নি। এখন সেটা মেরামতেরও অযোগ্য। গত ৩১ মে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে পড়ে থাকা অ্যাম্বুলেন্সে মরচে ধরে আছে। গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের মঞ্জুর আহমদ বলেন, ‘৯৫ সালে আমার দাদা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওই অ্যাম্বুলেন্স দিয়ে তাঁকে সিলেট নিয়ে যাই। আমার দাদা ওই যাত্রায় বেঁচে যান। কিন্তু এখন অ্যাম্বুলেন্সের অভাবে হাসপাতালের জরুরি বিভাগের রোগীদের নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়।’ গত ৩১ মে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন আবদুল আহাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, নামেই ৫০ শয্যার হাসপাতাল। ২৪ বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি। গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. আবদুল মালিক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স অতি গুরুত্বপূর্ণ একটি সম্পদ। গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স থাকলে সেবার মান আরও ভালো হতো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম ফরিদুল ইসলাম লতিফি বলেন, ‘আমি অ্যাম্বুলেন্সের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’