২৪ বছর পর আনুষ্ঠানিকতা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের তারাপুর চা-বাগানে গণহত্যার স্মারক স্তম্ভ। প্রায় ২৪ বছর পর আনুষ্ঠানিকভাবে দিনটি আজ উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ছবিটি গতকাল সকালের l প্রথম আলো
সিলেটের তারাপুর চা-বাগানে গণহত্যার স্মারক স্তম্ভ। প্রায় ২৪ বছর পর আনুষ্ঠানিকভাবে দিনটি আজ উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ছবিটি গতকাল সকালের l প্রথম আলো

সবুজ চা-বাগান রক্তে লাল হয়েছিল। তা বোঝাতে স্মারকস্তম্ভে গাঢ় সবুজ আর লাল রঙের আচ্ছাদন। মাঝে সারিবদ্ধভাবে লেখা ৩৯ জনের নামের তালিকা। সবার ওপরে লেখা, ‘১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী কর্তৃক নিহত তারাপুর চা-বাগানের শহীদবৃন্দ’।
সিলেট নগরের উপকণ্ঠ পাঠানটুলায় তারাপুর চা-বাগানে প্রবেশমুখে শহীদ স্মারকটি দেখিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পঙ্কজ কুমার গুপ্ত। তালিকার দিকে আঙুল তুলে কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘আমার নামও থাকত ওই তালিকায়। সৌভাগ্যক্রমে বেঁচে আছি। আর বেঁচে আছি বলে আজ এত কিছুর পরও উদ্যাপন করতে পারছি গণহত্যার দিনটি।’
আজ ১৮ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে তারাপুর চা-বাগানে ঘটেছিল নারকীয় হত্যাযজ্ঞ। চা-বাগানের মালিক ও শ্রমিক-নির্বিশেষে হত্যা করা হয়েছিল। বেদনাবিধুর সেই দিনটি ১৯৯০ সালের পর থেকে উদ্যাপন করতে পারছিলেন না চা-বাগানের মালিকপক্ষের বেঁচে যাওয়া একমাত্র সন্তান পঙ্কজ কুমার গুপ্ত। বাগানটি হাতছাড়া হওয়ায় দেশ ছেড়ে পালাতে হয়েছিল তাঁকে। ১৯৯৩ সালে সর্বশেষ স্মারকস্তম্ভে গিয়ে দিনটি অনাড়ম্বরভাবে উদ্যাপন করতে পেরেছিলেন। ২৪ বছর পর এবারই প্রথম আনুষ্ঠানিকতায় উদ্যাপন করা হচ্ছে তারাপুর চা-বাগানের গণহত্যার সেই দিনটি।
তারাপুর চা-বাগানের নাম ছিল তখন ‘দি স্টার টি গার্ডেন’। দেবোত্তর সম্পত্তির চা-বাগান। সেবায়েতের দায়িত্বে ছিল গুপ্ত পরিবার। মুক্তিযুদ্ধ শুরু হলে চা-শ্রমিকদের নিয়ন্ত্রণ করার জন্য পাকিস্তানিরা তাদের ক্যাম্প করে তারাপুর চা-বাগানের পাশে সিলেট রেসিডেন্সিয়াল স্কুলে (বর্তমানে সিলেট ক্যাডেট কলেজ)। ওই দিন বেলা ১১টায় পাকিস্তানি হানাদার বাহিনী চা-বাগানে এসে ‘ডান্ডি কার্ড’ (চলাফেরার অনুমতিপত্র) দেওয়ার কথা বলে বাগানের সেবায়েত রাজেন্দ্র লাল গুপ্তসহ শতাধিক পুরুষকে গাড়িতে তুলে নিয়ে যায়। পথে মালনীছড়া টিলার ওপর একে একে গুলি করে হত্যা করা হয়। ওই সময় চা-বাগানের নারীদের দেখে রাখার জন্য সেবায়েত রাজেন্দ্র লাল গুপ্ত তাঁর ছোট ছেলে পঙ্কজ কুমার গুপ্তকে বাড়িতে রেখে যাওয়ার জন্য পাকিস্তানি সেনাদের অনুরোধ করেন। পাকিস্তানিরা রাজি হওয়ায় নির্ঘাত হত্যা থেকে রক্ষা পান একাত্তরে কৈশরোত্তীর্ণ তরুণ পঙ্কজ কুমার গুপ্ত।
পঙ্কজ পেশায় চিকিৎসক। ১৯৯০ সালে পড়াশোনার জন্য যুক্তরাজ্য যাওয়ার পরই তারাপুর চা-বাগান হাতছাড়া হয়। রাগীব আলী ভুয়া সেবায়েত সাজিয়ে পুরো বাগান দখলে নেন। এ ঘটনায় সরকার বাদী হয়ে দায়ের করা দুটি মামলায় সাজা হয়েছে রাগীব আলীর।
আলোচিত তারাপুর চা-বাগানের হাজার কোটি টাকা আত্মসাৎ মামলা থেকে খালাস পাওয়ায় পঙ্কজ কুমার গুপ্ত উদ্যোগী হন তারাপুর চা-বাগানের গণহত্যার দিনটি আনুষ্ঠানিক উদ্যাপনে। আজ মঙ্গলবার সকাল ১০টায় তারাপুর চা-বাগানে শোক র্যালি শেষে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়ার আয়োজন করা হয়েছে। প্রায় দুই যুগ পর এ আনুষ্ঠানিকতায় সিলেটের জেলা প্রশাসনও একাত্ম হয়েছে। গণহত্যার দিন স্মরণে আজকের অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।
দিনটি উদ্যাপন সামনে রেখে গতকাল সোমবার সকালে তারাপুর চা-বাগানে গিয়ে দেখা গেল, চা-শ্রমিক পরিবারগুলো গণহত্যার দিন উদ্যাপন-প্রস্তুতিতে ব্যস্ত। ৩৯ জন শহীদ স্মরণে চা-বাগানের মূল রাস্তার পাশে যে স্মারকস্তম্ভ, সেটি চা-বাগানের শহীদ মিনার বলে অভিহিত করে চা-শ্রমিক পরিবারগুলো। গাঢ় সবুজ আর লাল রং দিয়ে সজ্জিত স্মারকস্তম্ভ যেন নতুন রূপ পেয়েছে।
পঙ্কজ বলেন, ‘এখন পর্যন্ত এই হত্যাযজ্ঞের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি মেলেনি। এখন একটাই চাওয়া, তারাপুর চা-বাগানে গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি।’