২৪ বছরেও সাক্ষ্য গ্রহণ শেষ হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছরেও কমরেড আবদুস সালাম হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি। তিন বছর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুই চিকিৎসককে সাক্ষ্য দিতে আসার জন্য তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাঁরা সাক্ষ্য দিতে আসছেন না। নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির বিচার চলছে।
কমরেড আবদুস সালাম বাংলাদেশ আখচাষি ফেডারেশনের সভাপতি ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৯২ সালের ২২ জুন সকালে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার গোপালপুরে তাঁর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, আবদুস সালামকে হত্যার ঘটনায় তাঁর ভাই আবদুস সামাদ বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন। মামলাটি পরবর্তী সময়ে চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত হয়। তদন্ত শেষে লালপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেহাদুল আলম ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র দেন।
১৯৯৭ সালের ২৭ মে বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হয়। ওই বছর আরও আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে ১৯৯৮ সালে একজনের ও ২০১২ সালে আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর গত চার বছরে আর কেউ আদালতে সাক্ষ্য দিতে আসেননি। অবশেষে ২০১৩ সালের ১৯ জানুয়ারি সাক্ষ্য দিতে আদালতে হাজির হওয়ার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা জেহাদুল আলম, চিকিৎসক আবদুল মান্নান ও তৌফিকুল ইসলামের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। কিন্তু তাঁরা আদালতে হাজির হননি। সর্বশেষ গত ৩ জানুয়ারি তাঁদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।
এ ব্যাপারে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হলেও পুলিশ তাঁদের আদালতে হাজির করতে পারেনি।
সর্বশেষ ১ জুন নির্ধারিত তারিখেও তাঁরা সাক্ষ্য দিতে আসেননি। এ অবস্থায় আগামী ১৩ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আবারও সরকার পক্ষকে সময় দিয়েছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী লোকমান হোসেন বলেন, তদন্তকারী কর্মকর্তা ও চিকিৎসকেরা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী। তাঁদের সাক্ষ্য গ্রহণ ছাড়া রায় দেওয়া সম্ভব নয়। তাই আদালত বারবার সরকারকে সময় দিচ্ছেন। কিন্তু অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পরও পুলিশ কেন এসব সরকারি কর্মচারীকে আদালতে হাজির করতে পারছে না, তা তাঁরা জানেন না।
অতিরিক্ত দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল হাই বলেন, তদন্তকারী কর্মকর্তা ও চিকিৎসক সাক্ষীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমন ও অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতের কাছে তাঁদের সন্ধান দিতে পারেনি। ফলে তাঁদের আদালতে হাজির করানো যাচ্ছে না। তিনি বলেন, এই তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলে দ্রুত সময়ের মধ্যে মামলার রায় ঘোষণা করা সম্ভব হবে।
নাটোর আইনজীবী সমিতির সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, প্রতিবছর ২২ জুন সালাম হত্যা দিবস পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বুধবার লালপুরের গোপালপুরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।