২৪ বছরের প্রথা ভাঙল নাটোর আইনজীবী সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল পালনের ২৪ বছরের প্রথা ভেঙে নাটোর জেলা আইনজীবী সমিতি সোমবার থেকে হরতালের দিনেও আদালতের কাজে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার সমিতির জরুরি বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, সমিতির ৮২ জন আইনজীবী আদালতে হরতাল পালন না করার জন্য সমিতির কার্যকরী পরিষদের কাছে লিখিত আবেদন করেন। তাঁদের আবেদনের বিষয়টি নিষ্পত্তি করার জন্য গতকাল জরুরি বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়। সমিতির সভাপতি আবু আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন তালুকদার, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মোজাম্মেল হোসেনসহ ১৯ জন বক্তব্য দেন। ২০ দলীয় জোট-সমর্থিত আইনজীবীরা তাঁদের বক্তব্যে জানান, স্বৈরাচারবিরোধী আন্দোলন (১৯৯১) থেকে আইনজীবী সমিতি বৃহৎ রাজনৈতিক দলগুলোর ডাকা হরতাল পালন করে আসছে। তাই তাঁরা এই প্রথা ভাঙতে চান না। তবে ১৪ দল-সমর্থিত আইনজীবীরা তাঁদের বক্তব্যের বিরোধিতা করে হরতাল পালনের প্রথা ভেঙে ফেলার দাবি করেন। তাঁদের বক্তব্য, টানা হরতালে বিচারপ্রার্থী ও আইনজীবীরা প্রথা মানতে গিয়ে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁরা এর অবসান চান।
উভয় পক্ষের বক্তব্য শেষে সমিতির সভাপতি আবু আহসান তাঁর সমাপনী বক্তব্যে বলেন, ‘অধিকাংশ আইনজীবী যেহেতু হরতালের মধ্যে আদালতের কাজে অংশ নিতে চান, তাই পুরোনো প্রথা বাতিল করা হলো। সোমবার থেকে হরতালেও আদালতের কাজে আইনজীবীরা অংশ নেবেন।’ সভাপতির সিদ্ধান্ত জানানোর মধ্য দিয়ে নাটোর আইনজীবী সমিতির ২৪ বছরের প্রথা বিলুপ্ত হলো।