২৪ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা, জীবিত উদ্ধার ৫৪
লিবিয়া উপকূলের কাছে নৌকাডুবিতে নিখোঁজ বাংলাদেশির সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। তাঁরা সবাই মারা গেছেন বলে আশঙ্কা করছেন দূতাবাসের কর্মকর্তারা। এ ছাড়া গতকাল শনিবার পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি জীবিত উদ্ধার হয়েছেন। এঁদের ৪৩ জনকে উদ্ধার করে ত্রিপোলির কাছে একটি বন্দিশিবিরে নেওয়া হয়েছে। ছাড়া পেয়েছেন ১১ নারী ও শিশু।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল ফোনে তিনি প্রথম আলোকে বলেন, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১৮ জন শ্রমিক। এঁরা হলেন শরীয়তপুরের আজাদ, সুপন ও স্বপন, কেরানীগঞ্জের গাজীউল, যশোরের মনিরামপুরের জিয়াউর রহমান, নোয়াখালীর রুবেল, শাহাবুদ্দিন, সোহেল ও সালাউদ্দিন, কুমিল্লার ইসলাম ও ফারুক, চট্টগ্রামের করিম, সাতক্ষীরার জাকির, নারায়ণগঞ্জের মাহমুদ, মাদারীপুরের ফয়েজ, টাঙ্গাইলের বাদল ও বাবুল এবং রাজবাড়ীর মফিজ।
শুক্রবার দূতাবাস থেকে নিখোঁজ ছয়জনের পরিচয় জানানো হয়। এঁরা হলেন রমজান আলী (৫৮), সানোয়ারা খাতুন (৪২), ইউসুফ (৭), রিমা আবদুল আজিম (২), আট মাসের রাইসা আবদুল আজিম এবং আবুল বাশার (৪৭)।
লিবিয়ার উদ্ধার কর্মকর্তারা বার্তা সংস্থাগুলোকে জানান, গতকাল পর্যন্ত মোট জীবিত উদ্ধার হয়েছেন ১৯৮ জন। আর মোট লাশ উদ্ধার হয়েছে ১১১টি।
জানতে চাইলে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আশরাফুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার ডুবে যাওয়া দুটি নৌকায় বিভিন্ন দেশের চার থেকে পাঁচ শ লোক ছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলে আমরা ধারণা করছি, সেখানে ৮০ জনের মতো বাংলাদেশি ছিল। এর মধ্যে ২৪ জন নিখোঁজ। তারা সবাই মারা গেছে বলে আমরা আশঙ্কা করছি।’ কারও লাশ পাওয়া গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কোনো লাশ সাগরে ভেসে তীরে এলে সেটি উদ্ধার করা হয়। কিন্তু তা দেখে কাউকে চিহ্নিত করা যায় না।
কতজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে, জানতে চাইলে আশরাফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ৪৩ জন পুরুষকে ঘটনাস্থল থেকে এনে ত্রিপোলির সালাউদ্দিন বন্দিশিবিরে রাখা হয়েছে। তিনি তাঁদের সঙ্গে কথা বলেছেন। এদের চারজনের বয়স ১৮ বছরের নিচে। তিনি তাদের ছাড়ানোর চেষ্টা করছেন এবং এরই মধ্যে নারী ও শিশুসহ ১১ জনকে ছাড়িয়ে আনতে পেরেছেন বলে জানান তিনি।
উদ্ধারকৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলা সম্ভব কি না, জানতে চাইলে আশরাফুল ইসলাম বলেন, খুলনার আসাদুল ইসলাম, ফরিদপুরের তরিকুল রাসেল ও পাবনার নুর ইসলামসহ উদ্ধার হওয়া প্রায় সব বাংলাদেশির সঙ্গে তাঁর কথা হয়েছে। ‘লাইফ জ্যাকেট’ পরে থাকার কারণে অনেকে আট-নয় ঘণ্টা ভেসে থাকতে পেরেছে।
লিবিয়া উপকূলে নৌকাডুবি: গতকাল পর্যন্ত মোট জীবিত উদ্ধার ১৯৮, লাশ ১১১
লিবিয়ায় যুদ্ধোত্তর পরিস্থিতির কারণে দেশটিতে থাকা অনেক বাংলাদেশি পরিবার নিয়ে সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া অনেক শ্রমিকও ইউরোপে যাওয়ার আশায় এভাবে সাগর পাড়ি দেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) থেকে পাঠানো প্রতিবেদনে বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের করুণ বর্ণনা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সুদানের আবদেল বলেছেন, তাঁদের পিটিয়ে ওই নৌকায় তোলা হয়েছে। দালালেরা ইউরোপে নেওয়ার কথা বলে হাজারেরও বেশি ইউরো নিয়েছে। তাঁরা নৌকার মধ্যে নড়াচড়ার সুযোগও পাননি।
মাহাদি নামে ইরাকের একজন অর্থোপেডিক সার্জন বলেন, ‘আমাকে ইরাকে জঙ্গিদের দলে যোগ দিতে বলা হয়েছে। আমি আমার দুই বছরের ছেলে মাহমুদ আর স্ত্রীকে নিয়ে পালিয়ে এসেছি। এভাবে ইতালি যাওয়ার জন্য আমাদের তিন হাজার ইউরো দিতে হয়েছে।’
উদ্ধার পাওয়া বাংলাদেশিদের একজন নারায়ণগঞ্জের মোহাম্মদ আলী। তিনি ১০ বছর ধরে সপরিবারে লিবিয়ায় বসবাস করছেন। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি ইউরোপগামী একটি নৌকায় ওঠেন। তাঁর পরিচিত বাংলাদেশি আরও তিনটি পরিবারও ছিল। সমুদ্রযাত্রার ঘণ্টাখানেক পরেই নৌকাটির তলা ফুটো হয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। মো. আলী বিবিসিকে বলেন, তাঁরা সারা রাত সাগরে ভেসে ছিলেন। তবে তাঁর পরিবারের সবাই জীবিত উদ্ধার হয়েছে।
মারা গেছেন সিলেটের দুই ব্যক্তি। এ ছাড়া বাশার ও আজিজ নামের দুজনের সন্তানদের মৃত্যু হয়েছে। তাঁরা বেশ কয়েক বছর ধরেই লিবিয়ার বাসিন্দা।
মো. আলী ত্রিপোলিতে একজন প্রকৌশলী হিসেবে কাজ করেন। তাঁর নিজের গাড়িও আছে। মোটামুটি ভালো অবস্থায় থাকা সত্ত্বেও কেন বিপৎসংকুল পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন? বিবিসির এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আরও অনেকেই তো যাচ্ছে। সন্তানদের ভালো পড়াশোনা ও সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই তাঁরা ইউরোপে যেতে চেয়েছেন।
কসবার দুই বাড়িতে কান্নার রোল: ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রতিনিধি জানান, উপজেলার সোনারগাঁও গ্রামের মন মিয়ার ছেলে আমির হোসেন (২৫) ও ফজর আলীর ছেলে মিয়া (২৬) সাড়ে চার বছর আগে কাজ করতে লিবিয়া গিয়েছিলেন। সেখান থেকে ইতালিতে যাওয়ার জন্য গত বুধবার ভোরে শ্রমিকদের সঙ্গে নৌকায় ওঠেন। বিকেল চারটার দিকে নৌকাটি সাগরে ডুবে যায়। এরপর থেকে পরিবারের লোকজনের সঙ্গে তাঁদের দুজনের আর যোগাযোগ নেই। এখন দুই বাড়িতে শুধুই কান্না।
আমিরের পরিবারের একজন সদস্য বলেন, ‘বুধবার ভোর চারটায় মাকে ফোন করে আমির বলেন, ‘মা দোয়া করো। নৌকা এসে গেছে, এখনই আমরা ইতালির উদ্দেশে নৌকায় উঠব।’
আমিরের চাচাতো ভাই আবদুল খালেক প্রথম আলোকে বলেন ‘আমিরের সহকর্মীরা তাঁদের বাড়িতে ফোন করে বলেছেন, ইতালিতে যাওয়ার জন্য যে ১২ জন বের হয়েছিলেন, তার মধ্যে দুজন ইতালিতে চলে গেছেন এবং আটজন ফেরত এসেছেন। তবে আমির ও নাজমুল এখনো নিখোঁজ।