২৪ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর তীর দখল এবং ভরাট করে অবৈধভাবে গড়ে ওঠা বালু ব্যবসায়ীদের উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসন।
তিন দিনব্যাপী অভিযানের প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার তীর থেকে ভেকু দিয়ে সাত লাখ ঘনফুট বালু অপসারণ করা হয়।
এদিকে নদীর তীর ভরাট করার অভিযোগে ২৪ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করেছেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক (বন্দর) আলমগীর কবির জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে কাঁচপুর সেতুর উত্তর পাশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নুর হোসেন, তাঁর ভাই জজ মিয়াসহ ২৪ জন বালু ব্যবসায়ী নদীর তীর দখল করে বালুর ব্যবসা করে আসছিলেন।
কয়েক দফা নোটিশ দেওয়া হলেও তাঁরা নদীতীরের দখল ছাড়েননি। উল্টো নদীতীরের ওয়াকওয়ে নির্মাণকাজে বাধা দেন।
সম্প্রতি নৌপরিবহন কর্তৃপক্ষ কাঁচপুর সেতুর নিচে ওয়াকওয়ের কাজ পরিদর্শনে এসে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেয়।
নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রব তালুকদারের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ও আনসার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় চারটি ভেকু দিয়ে সাত লাখ ঘনফুট বালু অপসারণ করা হয়।