২৪ বিঘার ধান নষ্ট
নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের বাবুপুর গ্রামের পাঁচটি ওরাওঁ আদিবাসী পরিবারের ২৪ বিঘা জমির আমন ধান বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা নষ্ট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গত শনিবার সাপাহার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।শনিবার সরেজমিনে দেখা যায়, বিষ প্রয়োগের কারণে সবুজ ধান খেত পুড়ে হলুদ হয়ে গেছে। জমির অন্যতম মালিক ও ধানচাষি বিশ্বনাথ টপপো বলেন, ‘এই খেতের ফসল ছাড়া আমাদের পাঁচটি পরিবারের চলার উপায় নেই। ধারদেনা করে বিঘাপ্রতি তিন হাজার টাকা খরচ করে আমন ধান চাষ করেছিলাম। তাও শেষ হয়ে গেল।’ জমির অপর মালিক মহিন্দ্র টপপো বলেন, এ জমির মালিক ছিল ঝিকরা ওরাওঁয়ের চার ছেলে হোসেন, সঞ্চা, রাম ও বুধুয়া। ১৯৭২ সালে ওই জমি হোসেন ওরাওঁয়ের ছেলে বিশ্বনাথ, রাম ওরাওঁয়ের ছেলে এতুয়া, সঞ্চা ওরাওঁয়ের ছেলে মহিন্দ্র ও বুধুয়া ওরাওঁ নামে আর এস রেকর্ডভুক্ত হয়। কিন্তু স্থানীয় চাচাহার গ্রামের মো. বাছালাম নামে এক তহশিলদার (ইউনিয়ন ভূমি কর্মকর্তা) কারসাজি করে ওই জমি খাস খতিয়ানভুক্ত করে তার বাবা নাসির উদ্দীনের নামে বন্দোবস্ত নেন। তাঁরা এ জমির কিছু অংশ বাবুপুর গ্রামের লুথর ওরাওঁয়ের কাছে বিক্রি দেখান। আবার লুথর ওরাওঁয়ের কাছ থেকে কিনে নিয়ে বাবুপুরের আবদুল গফুর হাজি এ জমির মালিকানা দাবি করেন। এ ছাড়া এ জমির অংশ দাবি করে বাছালাম তহশিলদারের ছেলে আবু সাঈদ ও তাঁর কয়েকজন আত্মীয়। এ জমি থেকে উচ্ছেদের জন্য গফুর হাজির ছেলে সারোয়ার, শাহরিয়ার, আবু সুফিয়ান ও বাছালামের ছেলে আবু সাঈদসহ কয়েকজন জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করেছে। অভিযুক্ত সারোয়ার, শাহরিয়ার, আবু সুফিয়ান ও আবু সাঈদকে তাঁদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।