২৪ বিদ্যালয়ে চারু ও কারুকলার শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের একটিতেও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। অন্য বিষয়ের শিক্ষক দিয়ে চলছে পাঠদান।
জানা গেছে, চলতি শিক্ষাবছরে মাধ্যমিক বিদ্যালয়ে আবশ্যিক হিসেবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে ৫০ নম্বরের এবং ঐচ্ছিক হিসেবে নবম ও দশম শ্রেণীতে ১০০ নম্বরের চারু ও কারুকলা বিষয়টি পাঠ্য করা হয়েছে। কিন্তু উপজেলার কোনো বিদ্যালয়ে এ বিষয়ের শিক্ষক দেওয়া হয়নি।
শিক্ষকেরা জানান, বিষয়টির শিক্ষক না থাকায় সমস্যায় পড়তে হয়েছে শিক্ষার্থীদের। বার্ষিক পরীক্ষা শেষেও উত্তরপত্র মূল্যায়নে নানা সমস্যা সৃষ্টি হবে। এ জন্য আগামী বছরের শুরুতে এ বিষয়ের শিক্ষক নিয়োগের দাবি জানান তাঁরা।
আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈনুদ্দিন মজুমদার বলেন, ‘উপজেলার ২৪টি বিদ্যালয়ের কোনোটিতেই চারু ও কারুকলার শিক্ষক নেই। এ বিষয়ের শিক্ষক না দেওয়ায় মন্ত্রাণলয় ও শিক্ষা বোর্ডের পরামর্শ নিয়েই আমরা কাজ করছি।’