বগুড়ার মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণ শুরু হয় ২০১২ সালের জানুয়ারিতে। ২৪ মাসের প্রকল্প শেষ হওয়ার কথা ২০১৪ সালের জানুয়ারিতে। মাঝে ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কিন্তু এখন ২০১৭ সালের জানুয়ারি পেরিয়ে গেলেও নির্মাণকাজ শেষ হয়নি। ২৪ মাসের কাজ ঠেকেছে ৬১ মাসে। তাও অসম্পূর্ণ।
ভবন নির্মাণকাজ যথাসময়ে শেষ না হওয়ায় আদালতে এজলাস-সংকট প্রকট হয়ে উঠেছে। বিচারিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এজলাস-সংকটের কারণে আইনজীবী সমিতির ভবনে ভাড়া করা ঘরে, জেলা পরিষদ ও জেলা প্রশাসন কার্যালয় ভবনে ছড়িয়ে-ছিটিয়ে চলছে প্রায় ১০টি এজলাসের বিচারিক কার্যক্রম।
ভবনের নির্মাণকাজের ঠিকাদার প্রতিষ্ঠান এমওকে জয়েন্টভেঞ্চার বারবার সময় বাড়িয়ে নিয়েও কাজ শেষ করতে পারেনি। ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা মাছুদুর রহমান বগুড়া আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীনের ছেলে।
বগুড়ার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সালাহ্ উদ্দিন আহমেদ বলেন, বগুড়ার মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয় ২০১০ সালে। দরপত্র আহ্বান-প্রক্রিয়া শেষ হয় ২০১১ সালে। ২০১২ সালের জানুয়ারিতে তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্মাণে ব্যয় ধরা হয় ২৩ কোটি টাকা। এমওকে জয়েন্টভেঞ্চারের ২০১৪ সালের জানুয়ারিতে কাজ শেষ করার কথা ছিল। পরে কয়েক দফা কার্যাদেশের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু এখনো নির্মাণকাজ শেষ হয়নি। সম্প্রতি ভবনে তিনটি লিফট সরবরাহের জন্য ২ কোটি ৫ লাখ টাকা এবং ভবনের বাইরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ৮৬ লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে যথাক্রমে হরাইজন টেকনো লিমিটেড ও ব্রাদার্স কনস্ট্রাকশন নামের দুটি প্রতিষ্ঠানকে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, অবকাঠামো নির্মাণকাজ শেষ হলেও ভবনে টাইলস লাগানো, টয়লেট নির্মাণ, দরজা-জানালা লাগানো, লিফট সংযোজন, বৈদ্যুতিক সংযোগসহ অনেক কাজ শেষ হয়নি।
আদালতের কয়েকজন আইনজীবী বলেন, নির্মাণকাজ শেষ না হলেও ২০১৫ সালের ১২ নভেম্বর প্রধানমন্ত্রী বগুড়া সফরে এসে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন সত্ত্বেও কাজ চলেছে ঢিমেতালে।
বগুড়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম বলেন, নতুন ভবনে আদালতের কার্যক্রম শুরু করতে না পারায় এজলাস-সংকট হচ্ছে। সীমিত এজলাসে পালা করে চলছে বিচারিক কার্যক্রম। আইনজীবী সমিতির গওহর আলী ভবনের বর্ধিতাংশ ভাড়া করে সেখানে চার থেকে পাঁচটি এজলাস বসছে। এ ছাড়া জেলা জজ আদালত থেকে প্রায় ২০০ গজ অদূরে জেলা পরিষদে বসছে বিদ্যুৎ আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল আদালত ও বিচারিক হাকিম আদালত।
জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও এমওকে জয়েন্ট ভেঞ্চারের কর্মকর্তা মাছুদুর রহমান বলেন, তাঁরা সময় বাড়ানোর আবেদন করেছিলেন এবং তা মঞ্জুর হয়। বর্তমানে অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। গণপূর্ত অধিদপ্তরকে ভবনটি তিনি বুঝিয়ে দিতে চান, কিন্তু কর্তৃপক্ষ তা বুঝে নিচ্ছে না। তিনি বলেন, ভবনে লিফট, দরজা-জানালাসহ আনুষঙ্গিক মালামাল সরবরাহ করছেন অন্য ঠিকাদার। এসব মালামাল সরবরাহ না করা পর্যন্ত টাইলস লাগানোসহ বাকি কাজ করা যাচ্ছে না।