২৪ মিনিট দেরি, ভর্তি হতে পারলেন না শিবু

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা দাসপাড়া গ্রামের অদম্য মেধাবী ও শারীরিক প্রতিবন্ধী শিবু দাসের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন অনেকেই। কিন্তু বিধিবাম। ভর্তির জন্য নির্ধারিত সময়ের ২৪ মিনিট দেরিতে পৌঁছানোর কারণে শিবু ভর্তি হতে পারলেন না দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
শিবু এই বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটের ইংরেজি সাহিত্যে ভর্তির সুযোগ পেয়েছিলেন। মেধা তালিকায় তাঁর অবস্থান ছিল ২১ নম্বরে। তাঁর স্বপ্ন ইংরেজির শিক্ষক হওয়ার। ভর্তির জন্য শুধু আজকের দিনই ধার্য ছিল। ১৪ ডিসেম্বর তাঁকে এবং গাইবান্ধার জাকিয়া সুলতানাকে নিয়ে প্রথম আলোতে ‘তাঁরা হার মানেননি’ শিরোনামে ছবিসহ সংবাদ প্রকাশিত হয়।
মৃত নিপেন্দ্রনাথ দাসের দ্বিতীয় ছেলে শিবু দাস। মায়ের নাম মঞ্জু রানী দাস। আট বছর বয়সে বাতজ্বরে আক্রান্ত হয়ে তাঁর দুই পায়ের হাঁটুতে সমস্যা হয়। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারেনি পরিবার। বাতজ্বর সেরে গেলেও শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন শিবু দাস। এখন তাঁকে কষ্ট করে খুঁড়িয়ে হাঁটতে হয়। এভাবেই ২০১২ সালে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৫ ও ২০১৪ সালে রংপুরের কাউনিয়া কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ-৪.৯ পেয়ে উত্তীর্ণ হন।
ভর্তি হতে না পেরে কান্নায় ভেঙে পড়েন শিবু। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর কাছে ভর্তির টাকা (প্রায় ১৩ হাজার) ছিল না। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে অনেকের কাছ থেকে টাকা ধার করার চেষ্টা করেন তিনি। কিন্তু কীভাবে ফেরত পাবে, সেই চিন্তায় কেউ তাঁকে সাহায্য করেনি। পরে তিনি আজ এই প্রতিনিধিকে বিষয়টি জানালে তাঁকে লালমনিরহাট শহরে যেতে বলা হয়। এই প্রতিনিধি তাঁকে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় সাড়ে ১৩ হাজার টাকা জোগাড় করে দিলে তিনি দিনাজপুরের উদ্দেশে রওনা হন।
শিবু বলেন, ‘বাসে আসতে গিয়ে যেখানে-সেখানে ঘন ঘন বাসটি থামার কারণে এই দুর্ভোগের শিকার হতে হলো আমাকে। আজ সকালেই আসতে পারতাম কিন্তু ভর্তির টাকার জোগাড় ছিল না। পরে টাকা জোগাড় হলেও এসে কোনো লাভ হলো না। ভর্তি হওয়ার সুযোগ এক দিনই ছিল।’
এক প্রশ্নের জবাবে শিবু বলেন, ‘টাকা জোগাড় না হওয়ার জন্য আসতে দেরি হবে মর্মে ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষককে জানালে তিনি বিকেল পাঁচটার মধ্যে আসতে বলেন। কিন্তু ২৪মিনিট দেরি হওয়ায় আমার সবকিছু শেষ হয়ে গেল।’
এ ব্যাপারে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রধান বলরাম রায় বলেন, ‘শিবু দাসের ঘটনা জেনে আমরাও মর্মাহত ও দুঃখিত। বিকেল পাঁচটার মাঝে তিনি (শিবুদাস) এখানে উপস্থিত হলে আমরা ভর্তি নিতে পারতাম।’
শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুহুল আমিনের কাছে শিবু দাসকে নিয়ে যান বলরাম রায়। সেখানে শিবু দাসের কাছ থেকে দেরিতে আসার কারণসহ বিস্তারিত বিবরণ দরখাস্ত আকারে গ্রহণ করা হয়। এ বিষয়ে ভর্তি কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।