২৪ মে থেকে চার ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার চম্পকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বানুকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং ঘটনার বিচারের দাবিতে ২৪ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।ওই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ১ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে ওই ঘটনার প্রতিবাদে গতকাল শিক্ষকেরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।শিক্ষকেরা জানান, ৯ মে সকাল নয়টা ৪৫ মিনিটে চম্পকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজুল হক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বানুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই সময়ে সহকারী শিক্ষক তানিয়া সুলতানা ও জেসমিন আক্তার প্রধান শিক্ষককে বাঁচাতে এগিয়ে আসেন। বৈদ্যুতিক পাখা মেরামত না করা এবং স্কুলের জায়গা ছেড়ে না দেওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ঘটনা ঘটে।এ ব্যাপারে সিরাজুল হক বলেন, ‘প্রধান শিক্ষকের সঙ্গে আমার তর্কবিতর্ক ও একটু ঝামেলা হয়েছে। আমি ওনার গায়ে হাত দেইনি। এটা নিয়ে এমন কঠিন কর্মসূচি দেওয়ার দরকার কী?’প্রধান শিক্ষক সালমা বানু বলেন, ‘উনি আমার গায়ে হাত তুলেছেন। আমি সমিতির কাছে ও কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।’বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব সালেহা আক্তার বলেন, ‘শিক্ষকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমরা সবাই মিলে ওই কর্মসূচি নিয়েছি।’আদর্শ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, ‘সভাপতিকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। বুধবার (আজ) জবাব দেওয়ার কথা রয়েছে।’