২৪ যাত্রীসহ নৌকা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাত্রার সময় গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপসাগর থেকে ২৪ জন যাত্রীসহ একটি ট্রলার আটক করেছে। বিকেলে তাঁদের সেন্ট মার্টিন কোস্টগার্ডের মাধ্যমে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকালে টেকনাফ শাহপরীর দ্বীপ উপকূল থেকে ২৪ জন যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়। বেলা সাড়ে ১১টায় নৌকাটি সেন্ট মার্টিনের অদূরে (ছেঁড়াদিয়া) গভীর সমুদ্র দিয়ে মিয়ানমার সাগরের দিকে গেলে নৌবাহিনীর জাহাজ ওমর ফারুক ধাওয়া করে ২৪ জন যাত্রীসহ ট্রলারটি আটক করে। এর মধ্যে ২৩ জন মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। অপরজন মানব পাচারকারী দলের সদস্য এবং টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. রফিক (৩৬)।নৌবাহিনী সূত্র জানায়, আটক রোহিঙ্গাদের মধ্যে আটজন অপ্রাপ্তবয়স্ক, ১০ জন টেকনাফে নয়াপাড়ায় অবস্থিত রোহিঙ্গা শিবিরের শরণার্থী। এরা বিভিন্ন সময় মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে টেকনাফে বসবাস শুরু করে। টেকনাফ থানাহাজতে আটক দালাল মো. রফিক বলেন, ‘জনপ্রতি তিন হাজার টাকা করে নিয়ে ২৩ রোহিঙ্গাকে ট্রলারে করে গভীর সাগরে অপেক্ষমাণ একটি জাহাজে তুলে দিতে যাচ্ছিলাম। পণ্যবাহী জাহাজটি চট্টগ্রাম থেকে থাইল্যান্ড যাচ্ছিল।’ টেকনাফের শাহপরীর দ্বীপের শরীফ হোসেন, মো. কাছিম, মুজিব উল্লাহ, নুর হাকিম মাঝি, মো. ইলিয়াস, সাবরাং, কচুবনিয়ার আবদুল হামিদ, কাটাবনিয়ার মৌলভী ছালামত উল্লাহ ও হাবিরছড়ার মো. হোসেন যাত্রীদের ট্রলারে তুলে দেন। মালয়েশিয়া পাঠানোর বিপরীতে দালালেরা মাথাপিছু ৩০ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ বলেন, দালালদের ধরার চেষ্টা চলছে।