২৪ রাইফেলসের মামলার রায় হবে ২৭ জুন
বিডিআরের ২৪ রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহ মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২৭ জুন। পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এর সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।এ মামলার ৬৬৬ জন আসামির আত্মপক্ষ সমর্থন করে দেওয়া বক্তব্য শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। এ মামলার প্রসিকিউটর মেজর খান মোহাম্মদ আলাউদ্দিন আদালতে বলেন, এ মামলার বিচারের প্রতিটি ধাপ সুচারুভাবে সম্পন্ন হয়েছে। পরে সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, বিচার চলাকালে আসামিদের অনেকেই আদালতে আপত্তিকর আচরণ করেছেন। তাঁদের মধ্যে ল্যান্স নায়েক ইকরামসহ অনেককে সতর্ক করেন আদালত। ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় আসামি সিপাহি আবদুল বাছেদকে আদালত অবমাননার অভিযোগে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।প্রসিকিউটর জানান, ৪৬ কার্যদিবসে এ মামলার বিচারকাজ শেষ হয়েছে। গত বছরের ৩১ মার্চ ৬৬৮ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে বিশেষ আদালত-৫-এ অভিযোগ দায়ের করা হয়। পরে মামলাটি বিশেষ আদালত-৭-এ স্থানান্তর করা হয়। বিচার চলাকালে দুই আসামি নায়েক জয়নাল আবদিন ও হাবিলদার মতিউর রহমান মারা যান।প্রসিকিউটর জানান, গত ২০ জুন অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। ২৬ জুন অভিযোগ গঠন করা হয়। ৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং ১৬ মার্চ তা শেষ হয়। আসামিদের বিরুদ্ধে সেনা কর্মকর্তাসহ ৫৮ জন প্রত্যক্ষ সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। ৪৮ আসামির পক্ষে ৮৬ জন সাফাই সাক্ষ্য দেন। সাফাই সাক্ষ্য শেষে আসামিরা আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপন করেন। ১৬ মে প্রসিকিউটর আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে চূড়ান্ত যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করেন। এরপর আবার আসামিরা শেষবারের মতো আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপন করেন।গতকাল কার্যক্রম মুলতবির আগে আদালতের সভাপতি মামলার রায় ঘোষণার আগে আসামিদের প্রশাসনিক সমস্যার সমাধান ও তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে কি না, তা তদারকি করতে প্রসিকিউটরকে নির্দেশ দেন, যাতে কোনো আসামি তাঁর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন।আদালতকে সহায়তার জন্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন, মেজর সাইদ হাসান তাপস ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী।সিগন্যাল সেক্টরের আসামিদের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শুরু: পিলখানার ১৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চিত্তবিনোদনকেন্দ্রে স্থাপিত বিশেষ আদালত-৮-এ সিগন্যাল সেক্টর ইউনিটের বিদ্রোহ মামলার আসামিরা আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়া শুরু করেছেন। গতকাল এ মামলার ১ নম্বর আসামি সুবেদার মেজর (সিগন্যাল) আনসার আলীসহ ১০ জন আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য ও যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে এ মামলার কার্যক্রম ১৯ জুন পর্যন্ত মুলতবি করা হয়।বিশেষ আদালত-৮-এ সভাপতিত্ব করেন বিজিবির উপমহাপরিচালক (ডিডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান। তাঁকে বিচারকাজে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল মো. সেরাজুল হক, মেজর জাহিদুর রহমান খান এবং অ্যাটর্নি জেনারেলের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী।