২৪ রাইফেলের আরও এক জওয়ান ক্ষমা চাইলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরের ২৪ রাইফেলের সেপাই আহসানউল্লাহ বিদ্রোহের অপরাধ স্বীকার করলেন। গতকাল মঙ্গলবার ২৪ রাইফেলের বিদ্রোহের বিচার চলাকালে তিনি দোষ স্বীকার করেন। বিডিআর বিদ্রোহের প্রথম দিন সকালে (২৫ ফেব্রয়ারি ২০০৯) মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ করা যে অপরাধ, তা জানতেন না বলে আদালতকে জানান সেপাই আহসানউল্লাহ। দরবার হল ত্যাগ করার পরে তিনি বিদ্রোহীদের চাপের মুখে অস্ত্রও হাতে তুলে নেন। দোষ স্বীকার করায় আসামির সারিতেই তাঁকে বসতে দেওয়া হয়। এ মামলায় আরও ৩০ জন ক্ষমা চেয়েছেন। দরবার হলে স্থাপিত বিশেষ আাাদালত-৭-এ ২৪ রাইফেল ব্যাটালিয়ন এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ রাইফেলের বিদ্রোহের বিচার হচ্ছে। এ মামলায় আসামির সংখ্যা ৬৬৭ জন। গতকাল সকালে আদালত শুরুর আগেই সব জওয়ানকে কাঠগড়ায় আনা হয়। গতকাল আদালতে এ মামলার ২৭তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। এরপর ২৮তম সাক্ষী মোক্তার হোসেন ২০ আসামির বিরুদ্ধে তাঁর অভিযোগ তুলে ধরেন। এসব আসামিরা আজ তাঁকে জেরা করবেন। এ মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬০ জন। সকাল নয়টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে তা এক দফা বিরতির পর একটা পর্যন্ত চলে। আজ বুধবার সকাল নয়টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। বিশেষ আদালত-৭-এর সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।