২৪ রাইফেলের আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ বুধবার শেষ হচ্ছে। গতকাল মঙ্গলবার তিন সাক্ষী সাক্ষ্য দেন। বাকি সাক্ষীরা আজ সাক্ষ্য দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।২৪ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের বিচার চলছে পিলখানায় বিশেষ আদালত-৭-এ। গতকাল তিনজন সাক্ষী ল্যান্স নায়েক সহকারী অজিত কুমার, মানিক মিয়া ও সেপাই আলমগীর হোসেন ৬৭ জন জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য দেন।আদালতে এক আসামি শফিউল আজিম অভিযোগ করেন, তাঁকে সাক্ষী মানিক মিয়া জানিয়েছেন, তিনি চাপের মুখে সাক্ষ্য দিচ্ছেন। আদালতের সিসিটিভিতে তার প্রমাণ আছে বলেও শফিউল আজিম দাবি করেন। এ সময় বিচারক তাঁকে জানান, সিসিটিভি রাখা হয়েছে আদালতের ভেতরের নিরাপত্তার জন্য, সাক্ষ্য গ্রহণের জন্য নয়।আরেক আসামি নাসির উদ্দিন সাক্ষী মানিক মিয়াকে প্রশ্ন করেন, ‘বিদ্রোহের সময় আপনি কী দায়িত্ব পালন করছিলেন?’ এ সময় আদালত নাসির উদ্দিনকে বলেন, এটা তাঁর জানার ব্যাপার নয়।তিনজনের সাক্ষ্য গ্রহণের পর মামলার প্রসিকিউটর মেজর খান মো. আলাউদ্দিন আদালতকে বলেন, এ মামলার ৬৬৭ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৬৩৯ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বাকি আসামিদের সাক্ষ্য বুধবার শেষ হয়ে যাবে।গতকাল আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম। আদালতের অন্য সদস্যরা হলেন লে. কর্নেল গোলাম রব্বানী, মেজর সাইদ হাসান তাপস। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন মোহাম্মদ সোহরাওয়ার্দী। আদালতের কার্যক্রম আজ সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়।