২৪ রাইফেলের সাক্ষ্য শেষ সাফাই সাক্ষী ২৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর ২৪ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহী ৬৬৭ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ গতকাল বুধবার শেষ হয়েছে। ২৭ মার্চ সাফাই সাক্ষী হাজির করার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। এই মামলার আসামিরা ৬০ জনেরও বেশি সাফাই সাক্ষী হাজির করার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এ ২৪ রাইফেলের জওয়ানদের বিচার চলছে। গতকাল সকাল নয়টায় আদালতের কার্যক্রম শুরু হয়। শেষ হয় দুপুর দেড়টায়। সর্বশেষ দুজন সাক্ষী সেপাই আনোয়ার হোসেন ও আশেকুর আলম ৫১ জন আসামির বিরুদ্ধে তাঁদের সাক্ষ্য দেন। এর মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যায়।গত বছরের ৪ সেপ্টেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বুধবার পর্যন্ত ২৪ কার্যদিবসে সেনা কর্মকর্তাসহ ৫৮ জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন। একই সঙ্গে আসামিরা সাক্ষীদের জেরাও করেন।বুধবার ৫৮ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে মামলার প্রসিকিউটর মেজর খান মোহাম্মদ আলাউদ্দিন আদালতকে জানান, সব আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তিনি পরবর্তী কার্যক্রম চালাতে আদালতের কাছে আবেদন জানান। আদালত তাঁর এ আবেদন মঞ্জুর করে সাফাই সাক্ষী গ্রহণের জন্য ২৭ মার্চ দিন ধার্য করেন।আদালত বলেন, সাফাই সাক্ষী গ্রহণ শেষে যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হবে। যুক্তিতর্কের সময় মানবিক বিষয়গুলো আদালতে উপস্থাপন করতেও আসামিদের পরামর্শ দেন আদালতের সভাপতি মেজর জেনারেল রফিকুল ইসলাম। তিনি আসামিদের জানান, যুক্তিতর্ক শেষেই রায় ঘোষণার দিন ধার্য করা হবে।এই মামলার ৬৬৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয় গত বছরের ৩১ মার্চ। কিন্তু আসামিদের মধ্যে নায়েক জয়নাল আবেদিন গত ১৪ এপ্রিল কারাগারে মারা যান। এরপর গত বছরের ২০ জুন ৬৬৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।এই মামলার সাক্ষ্য গ্রহণের সময় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে আদালতে। সেপাই বাছেত, ল্যান্স নায়েক ইকরামসহ বেশ কয়েকজন আদালতে আপত্তিকর আচরণ করেন। এর মধ্যে সেপাই বাছেতকে আদালত অবমাননার অভিযোগে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর পরও সেপাই বাছেদ আদালতের প্রধান বিচারককে অশালীন ভাষায় কটূক্তি করেন।বিশেষ আদালত-৭-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল রফিকুল ইসলাম। তাঁকে বিচারকাজে সহায়তার জন্য লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম রব্বানী, মেজর সাইদ হাসান তাপস ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী উপস্থিত ছিলেন।