২৪ রাইফেলের ৬৬৮ জনের বিরুদ্ধে অভিযোগ
রাজধানীর পিলখানায় বিডিআরে বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৮ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে বিদ্রোহ ও বিদ্রোহে সহায়তার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার বিশেষ আদালত ৫-এ ওই অভিযোগ করেন সুবেদার মো. মতিউর রহমান। আদালত আজ বৃহস্পতিবার একসঙ্গে সব আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাঁদের অভিযোগ ও সাক্ষীদের বক্তব্যের কপি সরবরাহ করারও আদেশ দেওয়া হয়।গতকাল সকাল ১০টা ২৫ মিনিটে পিলখানায় দরবার হলে বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। বিডিআরের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম রব্বানী ও মেজর সাইদ হাসান আদালতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেলের পক্ষে আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী।গতকাল বিশেষ আদালতের কার্যক্রমের শুরুতেই মামলার বাদী সুবেদার মো. মতিউর রহমান আদালতে অভিযোগ করেন, দরবার হলে বিদ্রোহ শুরু হওয়ার পর সুবেদার মেজর গোফরান মল্লিকের নেতৃত্বে ২৪ ব্যাটালিয়নের প্রায় সবাই বিদ্রোহে অংশ নেন। তাঁরা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল লুত্ফর রহমান, মেজর মমিনুর রহমান ও মেজর মমিনকে হত্যা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যার পর তাঁরা কে কোন পদ দখল করবেন, তা নিয়ে নিজেদের মধ্যে কলহও শুরু করেন। পূর্বপরিকল্পিতভাবে তাঁরা সরাসরি বিদ্রোহে অংশ নেন ও অন্যদের সহযোগিতা করেন।বাদী অভিযোগে বলেন, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাক্ষ্য রয়েছে। এঁদের কয়েকজনের বাসা ও ব্যক্তিগত ট্রাংকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও মালামাল পাওয়া গেছে।মামলার প্রসিকিউটর ২৪ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. সামছুর রহমান আদালতকে জানান, বিডিআরের অভিযুক্ত সদস্যদের মধ্যে ৩৫৫ জন আগেই নিউমার্কেট থানায় করা মামলায় গ্রেপ্তার ছিলেন। আদালত নতুন করে আরও ৩১৩ জনকে গ্রেপ্তারের আদেশ দেন।অভিযুক্ত ৬৬৮ জনের মধ্যে একজন সুবেদার মেজর, পাঁচজন সুবেদার, ১৩ জন নায়েক সুবেদার, ৩৮ জন হাবিলদার, ২২ জন নায়েক, ৩৮ জন ল্যান্স নায়েক ও ৫৫১ জন সিপাহি রয়েছেন।আজ সকাল ১০টায় ৬৬৮ জন আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আদালত মুলতবি ঘোষণা করা হয়।