২৪ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী ও স্থলপথ অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের ২৪ রোহিঙ্গাকে সে দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ও উখিয়া সীমান্তের স্থলপথে বিচ্ছিন্নভাবে অনুপ্রবেশের চেষ্টা চালায় রোহিঙ্গারা। কিন্তু সে সময় বিজিবির বাধার মুখে তাঁরা মিয়ানমারে ফিরে যেতে বাধ্য হয়।

উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, আজ সকালে বালুখালী সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় তিন শিশু, তিন নারী, একজন পুরুষসহ সাতজন রোহিঙ্গাকে আটক করে তাদের সে দেশে ফেরত যেতে বাধ্য করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, আজ সকালে নাফ নদী অতিক্রম করে টেকনাফের হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে একটি নৌকা নিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। ওই নৌকায় আট শিশু, পাঁচ নারী, চার পুরুষসহ ১৭ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর সহিংস অভিযানের কারণে কয়েক সপ্তাহ ধরে উখিয়া-টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চলছে।